ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর কূপ খনন শুরু হয়েছে। খনন শেষে এ কূপ থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গতকাল দুপুরে সদর উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান। জানা গেছে, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডের ২২টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে দীর্ঘদিন ধরে গ্যাস উত্তোলনের ফলে ফিল্ডটির কূপগুলোর চাপ ও মজুত কমে যাওয়ায় উৎপাদনও কমে গেছে। এ পরিস্থিতিতে নতুন গ্যাসের উৎস অনুসন্ধানে থ্রিডি সাইসমিক জরিপ প্রকল্প হাতে নেওয়া হয়। এর আওতায় তিতাস ও বাখরাবাদ গ্যাস ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খনন করা হচ্ছে। তিতাসের নতুন কূপটি প্রায় ৫ হাজার ৬০০ মিটার গভীরতায় খনন করা হবে, যা শেষ হতে সময় লাগবে প্রায় ৭ মাস। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিডিসি এ কাজ বাস্তবায়ন করছে। বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জলিল প্রামাণিক বলেন, তিতাসসহ অন্যান্য গ্যাস ফিল্ডে উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন ও পুরোনো কূপের সংস্কার কার্যক্রম চলছে। তিতাস ও বাখরাবাদে গভীর অনুসন্ধান কূপ সফল হলে তা দেশের জ্বালানি খাতের জন্য একটি মাইলফলক হবে। পেট্রোবাংলার পরিচালক বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের মধ্যে ৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে জ্বালানিসংকট মোকাবিলায় দেশীয় উৎস অনুসন্ধান এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএফসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews