উত্তরাধিকার সংকটে পড়েছে জাপানের রাজপরিবার। বর্তমানে দেশটির রাজসিংহাসনের বৈধ উত্তরাধিকারী রয়েছেন মাত্র তিনজন, যাদের মধ্যে দুজনের বয়স ৬০ বছরের বেশি। তবুও নারীদের সম্রাট হওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসছে না সরকার। ফলে বিশ্বের অন্যতম প্রাচীন এ রাজতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এ মুহূর্তে বৈধ উত্তরাধিকারীদের তালিকায় রয়েছেন-সম্রাটের চাচা ৯০ বছর বয়সি প্রিন্স হিতাচি, সম্রাটের ছোট ভাই ৬০ বছর বয়সি প্রিন্স আকিশিনো এবং আকিশিনোর ১৯ বছর বয়সি ছেলে প্রিন্স হিসাহিতো। তরুণ হিসাহিতোকেই ভবিষ্যতের সম্ভাব্য সম্রাট হিসাবে দেখা হচ্ছে। বর্তমান সম্রাট নারুহিতোর একমাত্র সন্তান রাজকন্যা আইকো জনপ্রিয় হলেও নারী হওয়ার কারণে তিনি উত্তরাধিকারীর তালিকায় নেই। ভবিষ্যতে তার সন্তান হলেও বর্তমান আইনে তাদেরও উত্তরাধিকার পাওয়ার সুযোগ থাকবে না। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার উত্তরাধিকার সংকট মোকাবিলায় নতুন আইন সংশোধনের উদ্যোগ নিলেও সেখানে কোনো রাজকন্যার সিংহাসনে বসার সুযোগ রাখা হয়নি।