বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি আবারও স্মরণ করেছেন বাংলাদেশে শুটিংয়ের সময় ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার কথা। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার শুটিং চলাকালে এক সহ-অভিনেতার সঙ্গে তার হাতাহাতির ঘটনা সম্প্রতি আবারও ভারতীয় গণমাধ্যমে আলোচনায় এসেছে।
কয়েক বছর আগে ‘দ্য কপিল শর্মা শো’-তে উপস্থিত হয়ে নোরা জানান, সুন্দরবনে শুটিংয়ের সময় এক সহ-অভিনেতা তার সঙ্গে দুর্ব্যবহার করলে তিনি তাকে চড় মারেন। পরে ওই অভিনেতাও নোরাকে চড় মারেন এবং তার চুল টেনে ধরেন। জবাবে নোরাও তার চুল টানেন। একপর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পরিচালক কমল সদানাকে এসে দুজনকে শান্ত করতে হয়।
ঘটনার কথা বলতে গিয়ে নোরা বলেন, শুটিং চলাকালে সহ-অভিনেতার আচরণে তিনি ক্ষুব্ধ হয়েই তাকে চড় মেরেছিলেন। অনুষ্ঠানে কপিল শর্মা ওই অভিনেতাকে নিয়ে রসিকতা করলে নোরাও তাকে “বাজে মানুষ” বলে মন্তব্য করেন। তবে আজ পর্যন্ত সেই সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি তিনি।
উল্লেখ্য, কমল সদানা পরিচালিত ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হয়েছিল নোরা ফাতেহির। সুন্দরবনকে কেন্দ্র করে নির্মিত অ্যাডভেঞ্চারধর্মী এই সিনেমায় ব্যাপক ভিএফএক্স ব্যবহারের পাশাপাশি আকাশপথে ধারণ করা মনোমুগ্ধকর দৃশ্যও স্থান পেয়েছিল।