আনকোড়া দল নিয়ে প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে চমকে দিয়েছে নিউজিল্যান্ড। তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে স্বাগতকিরা। আগামীকাল তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বেলা ১১টার ম্যাচটি খেলতে উভয় দল গতকাল বন্দর নগরীতে পৌঁছেছে। দিনটি বিশ্রামে কাটিয়ে আজ ম্যাচ ভেন্যুতে অনুশীলনে নামবে দু’দল। বাংলাদেশ দল আজ সকাল ১০টায় এবং নিউজিল্যান্ড দল দুপুর ২টায় ঘাম ঝরাবে। শেষ এই ওয়ানডে ম্যাচে লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। স্কোয়াডে ফিরেছেন পেসার তানজিম হাসান সাকিব। তাকে অন্তর্ভুক্ত করা হলেও বর্তমান স্কোয়াডের কাউকে বাদ দেওয়া হয়নি।

ঢাকায় দুটি ওয়ানডেতে বাংলাদেশ দল টসে হেরে আগে বোলিং করেছিল। তাতে দল ভালো বোলিং করলেও পরে ব্যাটিং করতে গিয়ে বাংলাদেশ দলকে বেশ ভুগিয়েছিল এবং পরাজিতও হয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে নাহিদ রানার আগুন ঝরানো বোলিংয়ে নিউজিল্যান্ডকে ২০০ রানের আগেই আটকে রেখেছিল বাংলাদেশ। পরে জবাব দিতে নেমে শুরুতেই সেই ব্যাটিংয়ের হতাশা চিত্র ফুটে উঠেছিল। পরে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তদের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ। টপঅর্ডারের দায়িত্বশীল ব্যাটিং এবং বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় আত্মবিশ^াস ফিরে পাওয়া দলের সেই ছন্দ ধরে রেখে লাকি গ্রাউন্ড চট্টগ্রামের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিতে চায় মেহেদী হাসান মিরাজের দল। সেই সাথে শেষ ওয়ানডেতে সাগরিকার উইকেটে বোলিং আক্রমণের বাড়তি বৈচিত্র্য ও গতি যোগ করতেই তানজিম সাকিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে, পেশাদারিত্বের ঘাটতি কিউই দলের খুব একটা থাকে না কখনোই। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ২ নম্বর দল তারা। সবশেষ সিরিজে ভারতে গিয়ে তারা জিতে এসেছে সিরিজ। বাংলাদেশে সিরিজ জয়ও তাদের জন্য নতুন কিছু নয়। এবার প্রথম ম্যাচের জয় তাদের সেই আত্মবিশ্বাস করেছে আরো পোক্ত। তখন থেকেই তাদের দৃষ্টি সিরিজ জয়ে। পেসার ন্যাথান স্মিথ বলছিলেন, বাংলাদেশকে সিরিজ হারাতে পারলে তাদের জন্য সেটি হবে বড় প্রাপ্তি, ‘এটা হবে বিশাল ব্যাপার হবে।’ তবে বাংরাদেশকে আশা দিতে পারে দলটি এবার শীর্ষ ১৬-১৭ জন ক্রিকেটার ছাড়াই এই সফরে এসেছে। কন্ডিশনও এবার প্রবল বিরুদ্ধ। এপ্রিলের প্রচন্ড গরমে খেলতে হচ্ছে তাদের।

সব মিলিয়ে আগামীকাল রোমাঞ্চকর এক ম্যাচের সাক্ষীই হতে যাচ্ছে ক্রিকেটরোমান্টিক চট্টলাবাসী। সে লক্ষে গতকালই এই ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন (পূর্ব) গ্যালারিতে খেলা দেখা যাবে। ওয়েস্টার্ন (পশ্চিম) গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডে বসে খেলা দেখতে টিকিট কাটতে হবে ৬০০ টাকায়। রুফটপ ও গ্রান্ড স্ট্যান্ডের জন্য প্রতিটি টিকিটের মূল্য রাখা হয়েছে ২,৫০০ টাকা করে।
ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২৭ ও ২৯ এপ্রিল দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই চট্টগ্রামে। ২ মে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজে সব কটি ম্যাচই শুরু হবে বেলা ২টায়। সিরিজের টিকিটমূল্য এখনও জানায়নি দেশের ক্রিকেটে অভিভাবক সংস্থাটি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews