মানুষের ব্যক্তিত্ব একেকজনের একেক রকম। কেউ মানুষের সঙ্গে মিশতে, আড্ডা দিতে ও কথা বলতে ভালোবাসেন। আবার কেউ নিরিবিলিতে নিজের মতো সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সাধারণভাবে এদের অন্তর্মুখী ও বহির্মুখী—এই দুই ধরনের ব্যক্তিত্বের মানুষ হিসেবে দেখা হয়। তবে এই দুইয়ের মাঝামাঝি অবস্থানেও রয়েছে আরেক ধরনের ব্যক্তিত্ব, যাদের বলা হয় ‘অ্যাম্বিভার্ট’।

অ্যাম্বিভার্ট কারা?

- Advertisement -

অ্যাম্বিভার্ট এমন ব্যক্তি, যার মধ্যে অন্তর্মুখী ও বহির্মুখী—দুই ধরনের বৈশিষ্ট্যই দেখা যায়। পরিস্থিতি অনুযায়ী তারা কখনো খুব প্রাণবন্ত ও সামাজিক হয়ে ওঠেন, আবার কখনো একান্তে সময় কাটাতে পছন্দ করেন।

তারা যেমন বন্ধুদের আড্ডায় স্বচ্ছন্দে অংশ নিতে পারেন, তেমনি প্রয়োজন হলে দীর্ঘ সময় একা থেকেও স্বস্তি পান। অর্থাৎ, মানুষের সঙ্গে মেশা ও নির্জনতা—দুইয়ের মধ্যেই তারা নিজেদের মানিয়ে নিতে পারেন।

যেভাবে চিনবেন অ্যাম্বিভার্টকে

অ্যাম্বিভার্টদের অন্যতম বৈশিষ্ট্য হলো পরিস্থিতি অনুযায়ী আচরণ বদলাতে পারা। তারা ভালো শ্রোতা হওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দক্ষভাবে নিজের মতামতও প্রকাশ করতে পারেন।

কোন পরিস্থিতিতে কতটা কথা বলতে হবে কিংবা কখন নীরব থাকা প্রয়োজন—এ বিষয়ে তারা বেশ সচেতন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পরে নিজের মতামত জানান।

এ ধরনের মানুষ সাধারণত নতুন পরিবেশে সহজেই মানিয়ে নিতে পারেন। সামাজিক অনুষ্ঠানে যেমন স্বাচ্ছন্দ্যবোধ করেন, তেমনি নিজের জন্য নিরিবিলি সময় রাখতেও পছন্দ করেন।

কেন ভুল বোঝাবুঝি হয়?

অ্যাম্বিভার্টদের আচরণ পরিস্থিতিভেদে পরিবর্তিত হওয়ায় অনেক সময় অন্যরা তাদের ভুল বুঝতে পারেন। কখনো তারা খুব বন্ধুত্বপূর্ণ, আবার কখনো অনেকটা নীরব—এমন আচরণ দেখে কেউ কেউ তাদের অহংকারী বা দূরত্ব বজায় রাখা মানুষ মনে করতে পারেন।

তবে বাস্তবে তারা সাধারণত পরিস্থিতি বুঝে নিজেদের মানিয়ে নিতে পারেন। তাই তাদের আচরণের পরিবর্তনকে নেতিবাচকভাবে দেখার আগে ব্যক্তিটির সামগ্রিক আচরণ বোঝা জরুরি।

অ্যাম্বিভার্ট কি বিরল?

অ্যাম্বিভার্ট হওয়া খুব বিরল বিষয় নয়। মানুষের ব্যক্তিত্বকে পুরোপুরি অন্তর্মুখী বা বহির্মুখী—এই দুই ভাগে সবসময় সীমাবদ্ধ করা যায় না। অনেকের মধ্যেই দুই ধরনের বৈশিষ্ট্যের মিশ্রণ দেখা যায়।

অন্তর্মুখীরা সাধারণত একা বা ছোট পরিসরে সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। অন্যদিকে বহির্মুখীরা মানুষের সঙ্গে মেলামেশা ও সামাজিক কর্মকাণ্ডে বেশি আগ্রহী। আর অ্যাম্বিভার্টরা পরিস্থিতি অনুযায়ী দুই ধরনের আচরণের মধ্যেই ভারসাম্য বজায় রাখতে পারেন।

তাই আপনার পরিচিত কেউ যদি কখনো আড্ডার প্রাণকেন্দ্রে থাকেন, আবার কখনো নিরিবিলিতে একা সময় কাটাতে পছন্দ করেন, তাহলে তাঁর মধ্যে অ্যাম্বিভার্ট ব্যক্তিত্বের বৈশিষ্ট্য থাকতে পারে।

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews