সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও দুজনসহ চারজনেরই লাশ উদ্ধার করা হয়েছে। 

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার মইয়ার হাওড়ের রুয়ারকারা এলাকা থেকে বাকি দুজনের ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয়রা। 

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩৫) এবং একই এলাকার মৃত অনিল দেবনাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)। 

এর আগে শনিবার একই ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল পূর্ব ভবানীপুর এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫) এবং মৃত অনিল দেবনাথের ছেলে অরুণ দেবনাথের (৪৫) লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকা থেকে নয়জন ব্যক্তি একটি নৌকায় করে পাশের ভরাউট এলাকায় হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওড়ের বালুচর এলাকায় পৌঁছে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা নয়জনের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

পরদিন শনিবার দিনভর সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে দুজনের লাশ উদ্ধার করে। পরে রোববার সকালে স্থানীয়দের সহায়তায় মইয়ার হাওর থেকে নিখোঁজ বাকি দুজনের লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর জগন্নাথপুর পৌরসভার তহবিল থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

আরও পড়ুন

নগরকান্দায় ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

নগরকান্দায় ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরপ্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পাওয়ার পরপরই নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার অভিযান চালিয়ে চারজনেরই লাশ উদ্ধার সম্ভব হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। নিহতের প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং পরবর্তীতে সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews