আবারও যুদ্ধ। আবারও সেই যুদ্ধ, যা ইসরায়েলের অস্তিত্বের সংকটকে একেবারে চিরতরে সমাধান করার জন্য হচ্ছে! আবার প্রথমেই ঘোষিত হবে যে এক চমকপ্রদ বিজয় অর্জিত হচ্ছে।
সবাই এতে উচ্ছ্বসিত হয়ে উঠবে। ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিড লিখবেন, আমরা এক শক্তিশালী ও একতাবদ্ধ জাতি। বিশ্লেষকেরাও প্রতিযোগিতায় নামবেন, ইসরায়েলের বীরত্বগাথা কে কত বেশি করে তুলে ধরতে পারেন। আর এসবই চলবে ততক্ষণ, যতক্ষণ না পরবর্তী আরেকটি অভিযান শুরু হয়।
প্রায় সব ইসরায়েলি আবারও এটা বিশ্বাস করছে যে এই যুদ্ধের মতো আর কোনো ন্যায়সংগত যুদ্ধ নেই, এটার মতো সফল যুদ্ধও হয়নি। তারা প্রায় সমস্বরে পাল্টা প্রশ্ন করছে, ‘আমাদের আর কী বিকল্প ছিল?’ কিংবা ‘তাহলে আপনার প্রস্তাবটা কী?’