স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক করা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি ও তিন সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি স্পষ্ট করে বলেছেন, কাউকে ‘জিতিয়ে আনা’ হবে না। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সেখানেই প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন, আগামী কয়েক মাসের মধ্যে স্থানীয় সরকারের উপজেলা ও পৌরসভার নির্বাচন হতে পারে।
ক্ষমতায় আসার আড়াই মাসের মাথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর তিন সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে শনিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বড় পরিসরে এটি ছিল বিএনপির প্রথম কোনো সাংগঠনিক মতবিনিময় সভা। যেখানে দলের স্থায়ী কমিটির সদস্য, সব বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক এবং জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—এই তিন সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির পাঁচজন করে শীর্ষ নেতাকে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়।