বরিশালে কার্যক্রম নিষিদ্ধ মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৪৮ জন নামধারী নেতাকর্মীকে বিবাদী করে আদালতে নালিশী মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলা করেছেন মো. মারজুক আব্দুল্লাহ নামে এক ব্যক্তি। অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ নালিশী মামলায় আনা অভিযোগ মহানগরীর উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। মামলায় আসামীদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইন ও হত্যার হুমকিসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার প্রধান বিবাদী হলেন-বরিশাল সিটির সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগরের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এছাড়াও বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ ২৪৮ জন নামধারী রয়েছেন।
অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার জানিয়েছেন, একটি নালিশী মামলা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশনকে) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন