চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক 'বাংলা ব্লকেড' কর্মসূচির কৌশল এবং এর রাজনৈতিক পটভূমি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতিচারণ ও এক বিশ্লেষণ তুলে ধরেছেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
সোমবার (৬ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি আন্দোলনের সেই উত্তাল দিনগুলোর পরিকল্পনা এবং ছাত্রদের রাজনৈতিক বোঝাপড়ার গুরুত্ব তুলে ধরেছেন। একই সাথে তিনি তরুণ সমাজকে আরও বেশি রাজনৈতিক সাহিত্য পাঠ ও সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে মনে করিয়ে দিয়েছেন, "লড়াই এখনো বাকি।"
পাঠকদের জন্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো:
"বাংলা ব্লকেড। জুলাই মাসের কার্যকর ছাত্র-নাগরিক সংহতি কর্মসূচি। সাম্প্রতিক শাহীনবাগ আন্দোলন এবং পূর্ববর্তী আন্দোলন-অভ্যুত্থানের কৌশল পর্যালোচনা করে ঢাকার রাজপথে ধীরে ধীরে ছাত্রদের কর্তৃত্ব প্রতিষ্ঠার পরিকল্পনা সফল হয়। কোটা বৈষম্যের বিরুদ্ধে নিম্নবিত্ত আর উঠতি মধ্যবিত্ত নাগরিকদের সাথে ছাত্রদের সংহতি গড়ে উঠে।
সাহস সঞ্চারিত হয় যে ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কাওরানবাজার পর্যন্ত যাওয়া গেলে একদিন গণভবন পর্যন্তও যাওয়া যাবে৷
আমরা যদ্দিন বেঁচে আছি এতটুকু গর্বের সাথে বলতে পারব যে, বটতলা, টিএসসি আর সেন্ট্রাল লাইব্রেরির সামনে বসে যা যা রাজনৈতিক সাহিত্য পাঠ করেছি, তার সামান্য হলেও কার্যকরভাবে মাঠে এপ্লাই করতে পেরেছি।
সুতরাং, আরো পাঠচক্র করুন, ক্লাসিক রাজনৈতিক টেক্সট পড়ুন-কন্টেক্সটসহ, সংগঠিত হোন। কারণ, লড়াই এখনো বাকি।"