অতীতের পরিসংখ্যান পেছনে ফেলে চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের সামনে এখন সবচেয়ে বড় বাধা নরওয়ে। ফুটবল ইতিহাসের পাতায় নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে চার ম্যাচ খেলে এখনও কোনো জয়ের মুখ দেখেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি হার ও দুটি ড্রয়ের সেই নেতিবাচক রেকর্ড তো আছেই, তবে কার্লো আনচেলত্তির ব্রাজিলের জন্য এর চেয়েও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নরওয়ের বর্তমান ফুটবল প্রজন্ম। দীর্ঘ ২০ বছর পর এই দুই দল মুখোমুখি হতে যাচ্ছে, আর এবার ব্রাজিলকে লড়তে হবে ১৯৯৮ বিশ্বকাপের পর নর্ডিক দেশটির ইতিহাসে সবচেয়ে প্রতিভাবান ও ভয়ঙ্কর এক দলের বিরুদ্ধে।

ব্রাজিলিয়ান ফুটবল বিশ্লেষকদের মতে, প্রায় তিন দশক পর নরওয়ে ফুটবলে যে জোয়ার এসেছে, তা ৯০-এর দশকের দলটির চেয়েও অনেক বেশি শক্তিশালী। অতীতে নরওয়ের শক্তি ছিল মূলত রক্ষণভাগ ও শারীরিক সক্ষমতা, কিন্তু বর্তমান দলটিতে যোগ হয়েছে আধুনিক ফুটবলের দারুণ ড্রিবলিং ও আক্রমণাত্মক কৌশল। বিশেষ করে ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড এখন ব্রাজিলের রক্ষণভাগের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। জাতীয় দলের হয়ে মাত্র ৫৩ ম্যাচে ৬০ গোল করা হালান্ড চলতি বিশ্বকাপেও গোল্ডেন বুটের দৌড়ে দারুণভাবে এগিয়ে আছেন। হালান্ডের পাশাপাশি মার্টিন ওডেগার্ড, আলেক্সান্ডার সোরলোথ, অ্যান্তনিও নুসা এবং অস্কার ববের মতো ইউরোপের শীর্ষ লিগে খেলা একঝাঁক তারকা নিয়ে নরওয়ে তাদের ইতিহাসের সেরা আক্রমণভাগ সাজিয়েছে।

পরিসংখ্যানের চেয়েও ব্রাজিলের জন্য এবারের লড়াইটি ভিন্ন হবে কন্ডিশনের কারণে। অতীতে ওসলোর চেনা পরিবেশে নরওয়ে সুবিধা পেলেও, এবার মেটলাইফ স্টেডিয়ামের তীব্র গরম ও উচ্চ তাপমাত্রা দুই দলের জন্যই নতুন এক পরীক্ষা হতে যাচ্ছে। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে বাছাইপর্বে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে নকআউট পর্বে আসা নরওয়েকে তাই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই সেলেসাওদের। অতীতের অজেয় থাকার রেকর্ড ধরে রাখতে নরওয়ে যেমন মরিয়া, তেমনি ইতিহাস নতুন করে লিখতে ও সেমিফাইনালের টিকিট কাটতে ব্রাজিলকেও মাঠে নামতে হবে তাদের সেরা রূপ নিয়ে।



বিডি প্রতিদিন/এনএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews