২৫ মার্চের কালোরাত আমাদের শিখিয়েছে দমন-পীড়ন যতই নির্মম হোক, একটি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কখনো দমিয়ে রাখা যায় না- এমনটি বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ২৫ মার্চ, ১৯৭১। বাংলাদেশের ইতিহাসে এক ভয়াল, অন্ধকার রাত। এই রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্পিতভাবে নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা শুরু করে। ঘুমন্ত মানুষ, নিরপরাধ ছাত্র, শিক্ষক, সাধারণ পরিবার— কেউ রক্ষা পায়নি সেই বর্বরতার হাত থেকে। ঢাকার আকাশে আগুন জ্বলছিল, আর মাটিতে লুটিয়ে পড়ছিল অসংখ্য প্রাণ।

তিনি বলেন, কিন্তু ইতিহাসের এই অন্ধকার আমাদের শেষ করে দিতে পারেনি। বরং এই কালো রাতই বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলেছিল। আমরা ভয় পাইনি, মাথা নত করিনি। বরং সেই রাতের পরই এই দেশের মানুষ দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে লড়েই স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে।

এনসিপির মুখপাত্র বলেন, ২৫ মার্চ তাই শুধু শোকের দিন নয়, এটি আমাদের জাগরণের দিন। ২৫ মার্চের কালোরাত আমাদের শিখিয়েছে দমন-পীড়ন যতই নির্মম হোক, একটি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কখনো দমিয়ে রাখা যায় না। সেই শিক্ষা আমরা আমাদের ইতিহাসে বারবার দেখেছি। সাম্প্রতিক সময়েও ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন, জুলাইয়ের নির্মম গণহত্যা এবং তার বিরুদ্ধে গড়ে ওঠা গণঅভ্যুত্থানে আমরা সেই সত্য আবার প্রত্যক্ষ করেছি।

তিনি বলেন, আজও ২৫ মার্চ আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের শক্তি যত বড়ই হোক, মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা তার থেকেও বড়। শহীদদের সেই আত্মত্যাগের চেতনা নিয়েই আমরা একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব।

আজকের এই দিনে ২৫ মার্চ কালোরাতে শহীদ, নির্যাতিত পরিবার এবং মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এনসিপির এ মুখপাত্র।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews