জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডোপ টেস্ট করতে বলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না। অতীতে সে জামায়াতে ইসলামীকে গালিগালাজ করেছে। এখন জামায়াতের সঙ্গে মিতালি করে বিএনপিকে গালিগালাজ করছে। রাশেদ খাঁন বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে ইসলামীকে বলেছেন- (১) জামায়াতে ইসলামী ভারতের এক্সটেনশন (২) সংস্কারের নামে ভণ্ডামি করছে (৩) মুনাফেকের দল (৪) ধর্মের নামে চেতনার ব্যবসা করছে (৫) জামায়াতের মুখে এক অন্তরে আরেক (৬) জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থি ইত্যাদি!’ তিনি আরও বলেন, ‘একটা দল সম্পর্কে এত কিছু বলার পরে আবার সেই দল থেকে আসন নিয়ে নির্বাচন করা, এটা একমাত্র গাঁজা সেবন করলেই সম্ভব! আমি এনসিপিকে বলব, দ্রুত তার ডোপ টেস্ট ও চিকিৎসা করুন।’