অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী দুই-এক দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব আরও বলেন, আমি যতটুকু জানি, দু-একজন ছাড়া সবাই সম্পদের বিবরণী দিয়েছেন। যা দু-এক দিনের মধ্যে প্রকাশ করা হবে। শফিকুল আলম জানান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বাজেট ব্যয়ে আগে সরকারের পূর্বানুমোদন নেওয়ার যে বাধ্যবাধকতা ছিল, তা নতুন সংশোধনীতে শিথিল করা হয়েছে। অধ্যাদেশে ৮-এর (ক) ধারা যুক্ত করে বলা হয়েছে, প্রতি অর্থবছরে বাজেটে নির্ধারিত বরাদ্দ অর্থ অনুমোদিত খাতে ব্যয় করার ক্ষেত্রে কমিশনের জন্য সরকারের পূর্বানুমোদন নিতে হবে না। ফলে সংস্থাটির কার্যক্রমে দীর্ঘসূত্রতা কমবে এবং গতিশীলতা আসবে। বৈঠকে বাংলাদেশ মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রায় ৬৫০ একর জমি চিহ্নিত করা হয়েছে। শফিকুল আলম আশা প্রকাশ করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি জানান, আশা করছি ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। গণমাধ্যম বিষয়ে শফিকুল আলম দাবি করেন, গত ১৮ মাস ধরে গণমাধ্যম পুরোপুরি নিয়ন্ত্রণমুক্ত ছিল। যেকোনো সংবাদ প্রকাশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করেছে। কোনো মিডিয়া হাউস যেন বন্ধ না হয়, সে বিষয়েও আমরা নজর রেখেছি। শেখ হাসিনার আমলে বন্ধ হওয়া কয়েকটি গণমাধ্যম পুনরায় চালু এবং গণমাধ্যম খাতে বেশ কিছু সংস্কারও হয়েছে।
সম্ভবত শেষ ব্রিফিং : প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং’। তিনি বলেন, গত ১৮ মাসে আমরা সব সময়ই নিউজ যত দ্রুত সম্ভব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি ঘটনার সঙ্গে সরকারের অবস্থা কী, তা আমরা আপনাদের জানিয়েছি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে সব ধরনের তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার পেজে এমন কোনো নিউজ নেই, যেটা আমরা শেয়ার করিনি।