বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার বৃহত্তর পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, ‘ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতের মাধ্যমে দেশকে আরো বিনিয়োগ উপযোগী করা হবে।’  

রোববার (১০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলের স্থিতিশীলতা, শ্রমিকদের বেতন-বোনাস ও ছুটি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনা রয়েছে। এখন থেকে নতুন কোনো প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের জন্য কোনো ধরনের দুর্নীতি করতে দেয়া হবে না। অনেকগুলো ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে না। খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে শিল্প উদ্যোক্তাদের ওয়ানস্টপ সেবা নিশ্চিত করা হবে। দেশের কর্মসংস্থানের চাহিদা অনুযায়ী বিদেশি বিনিয়োগের মূল ভিত্তি হবে।’

তিনি বলেন, নারায়ণগঞ্জকে একটি রোল মডেল শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখানকার তৈরি পোশাক বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

গার্মেন্ট খাতের ক্ষতি কমাতে আড়াই হাজার কোটি টাকার নীতিগত সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এতে কারখানা মালিকরা প্রয়োজনীয় সহযোগিতা পাবেন বলে আশা প্রকাশ করেন।

ঈদুল ফিতরের সময় সম্মিলিতভাবে কাজ করে সফলতা পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, ঈদুল আজহাতেও একইভাবে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।

তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মানুষের সুযোগ-সুবিধা বাড়ানোই বিএনপির রাজনীতির অন্যতম লক্ষ্য। অতীতের মতো এবারও কোনো ষড়যন্ত্র সফল হবে না, যদি প্রশাসন ও সংশ্লিষ্ট সবাই ঐক্যবদ্ধ থাকে।

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews