প্রথম ওয়ানডে জিতে সিরিজে শুভ শুরু করেছিল বাংলাদেশ। তবে শেষটা ভালো হলো না। পরপর দুই ম্যাচ হেরে শ্রীলঙ্কার কাছে সিরিজ হাতছাড়া করলো টাইগ্রেসরা।

প্রথম দুই ওয়ানডে শেষে সিরিজে ছিল ১-১ সমতা। ফলে শেষ ম্যাচটা হয়ে উঠেছিল অলিখিত ফাইনাল। যেখানে অবশ্য অসহায় আত্মসমর্পণ করেছে টাইগ্রেসরা, হেরে গেছে ৭ উইকেটে।

শনিবার রাজশাহীতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে ৮ উইকেতে ২১৩ রান করে বাংলাদেশ। জবাবে ২১ বল বাকি থাকতে হেসেখেলে জিতে যায় সফরকারীরা।

টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই আউট হন দুই ওপেনার শারমিন সুলতানা (১৭) ও ফারজানা হক (১১)। ভালো শুরু করেও বেশিক্ষণ টিকতে পারেননি শারমিন আক্তারও (২৫)।

চাপ সামলে চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটি গড়েন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। তবে রানের গতি বাড়াতে পারেননি তারা। ৯০ বলে ৪০ রান করে আউট হন জ্যোতি।

এরপর একাই দলকে এগিয়ে নেন মোস্তারি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৮ চারে ৮০ বলে ৭৪ রান করেন তিনি। ওয়ানডেতে এটি তার তৃতীয় ফিফটি।

এছাড়া রিতু মনির ব্যাট থেকে আসে ১৬ বলে ২০ রান। শ্রীলঙ্কার পক্ষে ৩ উইকেট নেন কাভিশা দিলহারি। নিমাশা মাদুশানির শিকার ২ উইকেট।

রান তাড়ায় দলীয় ১৯ রানের মাথায় সাজঘরের পথ ধরেন আতাপাত্তু। তবে দ্বিতীয় উইকেটে হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি গড়েন ১০৮ রানের জুটি। তাতেই জয়ের ভিত গড়ে যায়।

৫৬ রান করে আউট হন দুলানি। পরে তৃতীয় উইকেটে নামা হারশিথা সামারাবিক্রমাকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন হাসিনি পেরেরা। ব্যক্তিগত ৯৫ রানে মোস্তারির বলে আউট হন হাসিনি।

৪৪ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন সামারাবিক্রামা। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন মারুফা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews