ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার (৭ জুন) সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়।
শনিবার (৬ জুন) রাতে ঢামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটি এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল ও সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম স্বাক্ষর করেছেন।
বিজ্ঞপ্তিতে ইন্টার্ন চিকিৎসকরা জানান, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নোটিশ, স্মারক নং: ৫৯.০০.০০০০.১৪০.১৬.১০.২৫.৩৩৬-এ উত্থাপিত ‘বৈষম্যমূলক ও অযৌক্তিক প্রস্তাবগুলোর’ বিরুদ্ধে চিকিৎসক সমাজের পক্ষ থেকে সুস্পষ্ট দাবি জানানো হয়েছিল।
বিশেষ করে এফসিপিএস কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের বেতন কাঠামোতে বৈষম্য সৃষ্টি, ভর্তি পরীক্ষার অতিরিক্ত ফি, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের অপ্রতুল বেতন, কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তাহীনতা এবং বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর অনিশ্চয়তা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বারবার দাবি উত্থাপন, প্রতিবাদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস সত্ত্বেও এখন পর্যন্ত আমাদের ন্যায্য দাবিগুলো পূরণে কোনো দৃশ্যমান, কার্যকর ও সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। চিকিৎসকদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা এবং মানসম্মত চিকিৎসা শিক্ষার পরিবেশ নিশ্চিত না করে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব নয়।
ঢাকা মেডিকেলের ইন্টার্ন ডক্টরস সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসক সমাজের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলমান থাকবে। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচনার মাধ্যমে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা।