কম ওয়াটের চার্জিং সমর্থন করে এমন ফোনে উচ্চ ওয়াটের চার্জার ব্যবহার করলে ব্যাটারি নষ্ট হয়ে যায়—এমন ধারণা ব্যবহারকারীদের একাংশের মধ্যে বেশ প্রচলিত। তবে আধুনিক স্মার্টফোনের চার্জিং প্রযুক্তি বিবেচনায় বিষয়টি এতটা সরল নয়।

চার্জারের গায়ে লেখা ওয়াটের সংখ্যা মূলত তার সর্বোচ্চ পাওয়ার সরবরাহের সক্ষমতাকে বোঝায়, সরাসরি চার্জ দেয়ার শক্তিমাত্রাকে নয় । সংযুক্ত ডিভাইসটি তার প্রয়োজন ও সমর্থন অনুযায়ী যতটুকু পাওয়ার গ্রহণ করতে পারে, চার্জার সাধারণত ততটুকুই সরবরাহ করে।

আধুনিক ফোনে থাকা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ও পাওয়ার ম্যানেজমেন্ট চিপ চার্জার থেকে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ গ্রহণ নিয়ন্ত্রণ করে। উদাহরণ হিসেবে, ৩০ ওয়াট পর্যন্ত চার্জিং সমর্থন করা কোনো ডিভাইসে ১০০ ওয়াটের চার্জার সংযুক্ত করলে সেটি সর্বোচ্চ সমর্থিত ক্ষমতার মধ্যেই পাওয়ার নেবে। 

ইউএসবি পাওয়ার ডেলিভারি বা কোয়ালকম কুইক চার্জ -এর মতো চার্জিং প্রোটোকলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফোন ও চার্জারকে একই বা সামঞ্জস্যপূর্ণ চার্জিং প্রোটোকল সমর্থন করতে হয়। তাই শুধু চার্জারের ওয়াট বেশি হলেই ফোন সেই ক্ষমতায় চার্জ হবে না, বরং ফোনের নিজস্ব হার্ডওয়্যার, চার্জিং সার্কিট এবং সমর্থিত প্রোটোকলই সর্বোচ্চ চার্জিং গতি নির্ধারণ করে।

তবে উচ্চ ক্ষমতার চার্জিংয়ের ক্ষেত্রে তাপমাত্রা একটি গুরুতর বিষয়। দ্রুত চার্জিংয়ের সময় তুলনামূলক বেশি তাপ উৎপন্ন হতে পারে, আর দীর্ঘ সময় ধরে অতিরিক্ত তাপের সংস্পর্শে থাকলে ব্যাটারির সক্ষমতা ও আয়ু উভয়ই কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আধুনিক ডিভাইসে থার্মাল রেগুলেশন ও চার্জিং থ্রটলিং ব্যবস্থার মাধ্যমে তাপমাত্রা বেড়ে গেলে চার্জিংয়ের গতি কমিয়ে দেওয়া বা প্রয়োজন হলে সাময়িকভাবে চার্জিং বন্ধ করার ব্যবস্থা থাকে। অনেক ডিভাইসেই ব্যাটারি প্রায় ৮০ শতাংশ চার্জ হওয়ার পর চার্জিংয়ের গতি স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেওয়া হয়, যাতে তাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়।

নিরাপদ চার্জিং-এর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চার্জারের সার্কিটে থাকা ওভার-ভোল্টেজ, ওভার-কারেন্ট, ওভার-টেম্পারেচার, ওভার-পাওয়ার এবং শর্ট সার্কিট নিরাপত্তা ব্যবস্থা। ফোনের বক্সে থাকা অরিজিনাল চার্জার বা যেকোনো থার্ড পার্টির মানসম্মত চার্জারে এসব সুরক্ষা ব্যবস্থা থাকলেও নিম্নমানের বা অনিরাপদ অ্যাডাপ্টারে সেগুলো যথাযথভাবে নাও থাকতে পারে। ফলে ঝুঁকির জায়গাটি অনেক সময় বেশি ওয়াট নয়, বরং চার্জারের গুণমান ও নিরাপত্তা ব্যবস্থা নকশায়। 

ফোনের কেনার সময় বক্সের সাথে পাওয়া চার্জার হারিয়ে গেলে বা কাছে নিজ ফোনের চার্জার না থাকলে অনেকেই অন্য চার্জার ব্যবহার করতে বাধ্য হন। এক্ষেত্রে চার্জারের ওয়াট বেশি হলেই যে ফোন বা ব্যাটারির ক্ষতি হবে, এমন ধারণা ঠিক নয়; বরং চার্জারটি মানসম্মত ও ফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews