ভারতে নিষিদ্ধের মুখে পড়েছে ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি। এতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত। শুরু থেকেই গানটি ঘিরে বিতর্ক চলছিল, যা শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার সিদ্ধান্তে গড়ায়।
জানা গেছে, ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার এই গানটির কথা ও দৃশ্যায়ন নিয়ে দর্শকদের একাংশের তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার পর ভারতের কেন্দ্রীয় সরকার এটি নিষিদ্ধ ঘোষণা করে।
বিতর্ক যখন তুঙ্গে, তখনই এক ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন নোরা ফাতেহি। তিনি দাবি করেন, গানটির হিন্দি সংস্করণ সম্পর্কে আগে থেকে তার কোনো ধারণা ছিল না।
নোরার ভাষ্য অনুযায়ী, প্রায় তিন বছর আগে তিনি কন্নড় ভাষার একটি গান ‘সারসি নিন্না’ এর জন্য শুটিং করেছিলেন। বড় বাজেট ও সহশিল্পী হিসেবে সঞ্জয় দত্ত থাকায় কাজটি করতে রাজি হন তিনি। তবে পরে সেই গানই ‘সরকে চুনর’ নামে হিন্দিতে প্রকাশ পাবে এবং এর লিরিক্স নিয়ে বিতর্ক তৈরি হবে এটি তার জানা ছিল না।
তিনি বলেন, ‘গানটির উপস্থাপন ও কথার কারণে এত বড় বিতর্ক তৈরি হবে, তা ভাবিনি। আমি চাই না কেউ মনে করুক, আমি কুরুচিপূর্ণ বা বিতর্কিত বিষয়কে সমর্থন করি। জনরোষের মুখে নির্মাতারা গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন।’
এ অবস্থায় ভক্তদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে নোরা বলেন, ‘গানের আসল প্রেক্ষাপট বুঝুন। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং দয়া করে গানটি আর শেয়ার করবেন না।’
যদিও নোরার এই ব্যাখ্যা কিছুটা বিভ্রান্তি দূর করার চেষ্টা করেছে, তবুও গানটি নিয়ে সমালোচনার রেশ এখনো কাটেনি।
বিডি-প্রতিদিন/আশফাক