স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালু করেছে। ‘নাও প্লেয়িং’ নামের এই ফিচারের মাধ্যমে এখন বন্ধুরা রিয়েল টাইমে জানতে পারবেন একে অপরের শোনা গান। নতুন ফিচারটি যুক্ত করা হয়েছে স্ন্যাপ ম্যাপে এবং প্রাথমিকভাবে এটি স্পটিফাইয়ের সঙ্গে কাজ করবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, এই সুবিধা ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে নিজের স্পটিফাই অ্যাকাউন্ট স্ন্যাপচ্যাটের সঙ্গে সংযুক্ত করতে হবে। সংযোগ সম্পন্ন হলে ব্যবহারকারী যে গান শুনবেন, সেটির তথ্য স্বয়ংক্রিয়ভাবে স্ন্যাপ ম্যাপে বন্ধুদের কাছে দেখা যাবে। একইভাবে বন্ধুরাও জানতে পারবেন তাদের বন্ধুরা সেই মুহূর্তে কোন গান শুনছেন।
স্ন্যাপচ্যাটের মিউজিক বিভাগের প্রধান ম্যানি অ্যাডলার বলেন, মানুষের আবেগ ও অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম হলো গান। ‘নাও প্লেয়িং’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে নিজেদের সংগীত অভিজ্ঞতা সহজেই ভাগ করে নিতে পারবেন।
নতুন এই সুবিধা শুধু স্ন্যাপ ম্যাপেই নয়, স্পটলাইট ভিডিওতেও যুক্ত করা হয়েছে। ফলে কোনো স্পটলাইট ভিডিওতে পছন্দের গান শুনলে সেটি সরাসরি স্পটিফাই অ্যাকাউন্টে সংরক্ষণ করা যাবে। পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে সেই গানের স্পটিফাই পেজেও যেতে পারবেন।
গোপনীয়তার বিষয়টিও মাথায় রেখেছে স্ন্যাপচ্যাট। ব্যবহারকারীরা নিজেরাই ঠিক করতে পারবেন কারা তাদের শোনা গান দেখতে পারবেন। তবে অন্যরা ব্যবহারকারীর আগের শোনা গান বা পুরো প্লেলিস্ট দেখতে পারবেন না। শুধু বর্তমানে যে গানটি চলছে, সেই তথ্যই প্রকাশ হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গান শেয়ার করার জনপ্রিয়তা বাড়ার সময়েই নতুন এই ফিচার চালু করল স্ন্যাপচ্যাট। এর আগে টিকটক, ইনস্টাগ্রাম ও স্পটিফাইয়ের মতো প্ল্যাটফর্মে একই ধরনের সুবিধা চালু হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো স্ন্যাপচ্যাট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেসব দেশে স্পটিফাই ও স্ন্যাপচ্যাট উভয় সেবা চালু রয়েছে, সেখানে ধাপে ধাপে ফিচারটি উন্মুক্ত করা হচ্ছে।