ফিফার শাসনব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও কাঠামোগত পরিবর্তনের দাবি জানিয়েছে ইউএস সকার; একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সমর্থন করছে জিয়ান্নি ইনফান্তিনোকে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চলমান বিতর্কে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন (ইউএস সকার)। ফিফার পরিচালনব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহির দাবি জানিয়েছে তারা। তবে এই অবস্থান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

দুই সপ্তাহ আগে বিশ্বকাপের শেয়ার বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি পরিকল্পনা প্রকাশ করেছিল ফিফা। প্রস্তাবিত ওই প্রকল্পের মাধ্যমে বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব বিক্রির জন্য একটি সহযোগী প্রতিষ্ঠানের মূল্য প্রায় ২০ বিলিয়ন ডলার নির্ধারণের পরিকল্পনা ছিল।

ফিফার সদস্য দেশগুলোর সঙ্গে আগে আলোচনা না করেই ইনফান্তিনো এই পরিকল্পনা সামনে এনেছেন—এমন অভিযোগ ওঠার পর ফুটবল বিশ্বের বিভিন্ন মহল তীব্র প্রতিক্রিয়া দেখায়। অনেকেই প্রশ্ন তোলেন, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসরকে এভাবে বাণিজ্যিকভাবে বিক্রির উদ্যোগ নেওয়া উচিত কি না।

তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করতে বাধ্য হন ইনফান্তিনো। এর পরও ইউরোপের উয়েফা, কনকাকাফ ও এএফসি ফিফা সভাপতির ভূমিকা নিয়ে চাপ অব্যাহত রেখেছে।এই পরিস্থিতিতে এবার প্রকাশ্যে নিজেদের অবস্থান জানাল ইউএস সকার।কনকাকাফের পক্ষ থেকে উয়েফা ও এএফসির সঙ্গে যৌথভাবে ফিফাকে চিঠি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিবৃতি দেয় ইউএস সকার।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে ইউএস সকার বলেছে, যুক্তরাষ্ট্র, কানাডা, ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়ন (সিএফইউ) ও মধ্য আমেরিকার ফুটবল ইউনিয়ন (ইউএনসিএএফ) একসঙ্গে ফিফার শাসনব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহি শক্তিশালী করার জন্য অর্থবহ পরিবর্তনের আহ্বান জানাচ্ছে।

তবে ইউরোপের কয়েকটি দেশের মতো ফিফার প্রতিযোগিতা বয়কটের হুমকি দেয়নি যুক্তরাষ্ট্র। বরং ফিফার শীর্ষ পর্যায়ে কাঠামোগত পরিবর্তনের ওপরই জোর দিয়েছে তারা।

কনকাকাফও একই ধরনের অবস্থান নিয়েছে। বিশেষ করে ইনফান্তিনোর প্রস্তাব তৈরির প্রক্রিয়ায় যথাযথ নিয়ম অনুসরণ না করা, অত্যন্ত কম সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা এবং ফিফার সংশ্লিষ্ট পরিচালন সংস্থাগুলোর অনুমোদন না নেওয়ার বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি।

ইউএস সকারের অবস্থানের বিপরীতে ট্রাম্প প্রশাসন এখনো ইনফান্তিনোর প্রতি সমর্থন দেখিয়ে যাচ্ছে। ট্রাম্প ও ফিফা সভাপতির ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ২০২৬ বিশ্বকাপ চলাকালীনও নানা আলোচনা ও বিতর্ক হয়েছে।

গত সপ্তাহে মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইনফান্তিনোর প্রতি ট্রাম্পের সমর্থনের কথা স্পষ্ট করে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে সর্বকালের সেরা বিশ্বকাপ আয়োজন করতে জিয়ান্নি অনেক সাহায্য করেছেন। প্রেসিডেন্ট তাঁকে খুব পছন্দ করেন। তাঁকে সাহায্য করার জন্য প্রেসিডেন্ট সম্ভব সবকিছুই করবেন।’

ওই কর্মকর্তা আরও বলেন, ইনফান্তিনোর প্রতি ট্রাম্পের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা কম। কারণ, ট্রাম্প তাঁকে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে দেখেন।অবশ্য এর কয়েক দিন আগেই বিশ্বকাপের শেয়ার বিক্রির ইনফান্তিনোর পরিকল্পনা সম্পর্কে আগে থেকে কিছু জানতেন না বলে দাবি করেছিলেন ট্রাম্প।

বিষয়টি নিয়ে বিস্ময় তৈরি হওয়ার আরেকটি কারণ হলো, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের প্রতিষ্ঠিত বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনাল প্রস্তাবিত বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার কথা ছিল বলে খবর প্রকাশিত হয়েছিল। এমনকি ট্রাম্প প্রশাসনের সঙ্গে এই প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল বলেও প্রতিবেদন প্রকাশিত হয়।

এরপরও ইনফান্তিনোর প্রতি ট্রাম্পের সমর্থন অব্যাহত রয়েছে। একই সঙ্গে ২০৩৮ সালের মধ্যেই আবার যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের আগ্রহও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।ফলে ইনফান্তিনোকে ঘিরে ফিফার অভ্যন্তরীণ বিতর্কে এবার যুক্তরাষ্ট্রের ফুটবল প্রশাসন ও দেশটির সরকারের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য সামনে এসেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews