চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী এলাকার একটি বাসা থেকে অয়ন দাশ (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার ছিপাতলী ইউনিয়নের বোয়ালীয়ার মুখ বাজার এলাকার একটি ভাড়া বাসার শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত অয়ন দাশ রাউজান উপজেলার কুন্ডেশ্বরী এলাকার নেপাল দাশের ছেলে। তিনি পেশায় একজন সেলুন কর্মচারী ছিলেন।
জানা যায়, শুক্রবার রাতে ওই ভাড়া বাসা থেকে হঠাৎ প্রচণ্ড দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। পরে স্থানীয়রা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানান। পরবর্তীতে তিনি থানায় খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় ভাড়া বাসার তালাবদ্ধ রুমের দরজা ভেঙে অয়ন দাশের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী জানান, উদ্ধার করা লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল