দীর্ঘ স্থবিরতা আর অনিশ্চয়তার মেঘ কাটিয়ে অবশেষে আগামীকাল থেকে শুরু হচ্ছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৫-২৬। ঐতিহ্যবাহী পঞ্চাশ ওভারের এই টুর্নামেন্ট এবার নতুন চেহারায় মাঠে ফিরছে। গত কয়েক মাস ঘরোয়া ক্রিকেট ছিল প্রায় থমকে। বোর্ডের দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই তামিম ইকবাল ও তার সহযোগীরা ক্লাবগুলোকে ডেকে আলোচনায় বসেন। তিনি প্রতিটি ক্লাবকে আশ্বস্ত করেন, অতীতের অনিয়ম আর পুনরাবৃত্তি হবে না, সবকিছু পরিচালিত হবে স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে। সেই আস্থার সুবাদেই মাঠে ফিরছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। তাতে যথারীতি অংশ নিচ্ছে ১২টি দল। আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অফ রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।


এবারের আসরে সবচেয়ে বড় পরিবর্তন হলো ভেন্যু বিন্যাস। আগে প্রায় প্রতিটি ম্যাচই বিকেএসপিতে হতো, যা খেলোয়াড়, আম্পায়ার এবং সাংবাদিক সবার জন্যই ছিল চরম ভোগান্তির। এবার সেই এক মাঠের উপর নির্ভরতা কমিয়ে ছয়টি ভেন্যুতে হবে খেলা। বিকেএসপির পাশাপাশি বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্স, মোহাম্মদপুরের ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস গ্রাউন্ড, পূর্বাচলের ক্রিকেটার্স অ্যাকাডেমি এবং রূপগঞ্জের পুবের্গাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠও এবার অন্তর্ভুক্ত হয়েছে। বৃষ্টির মৌসুম মাথায় রেখে প্রতিটি ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।


খেলোয়াড়দের নিরাপত্তায় এবার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বিসিবি। গত দুই বছরে মাঠে চার থেকে পাঁচটি ভয়াবহ ঘটনা ঘটেছে। তামিম ইকবাল নিজেও যে মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন তা অকপটে স্বীকার করেছেন। সেই মর্মান্তিক অভিজ্ঞতার আলোকে এবার প্রতিটি মাঠে রাখা হচ্ছে অ্যাম্বুলেন্স। বিশেষত চার থেকে পাঁচটি আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, যা বিভিন্ন মাঠে মোতায়েন থাকবে। ম্যাচ ফিক্সিং ও দুর্নীতি রোধে এবার কঠোর অবস্থান নিয়েছে বোর্ড। বিপিএলে যেভাবে অ্যান্টি-করাপশন প্রোটোকল মানা হয়, ব্যক্তিগত ফোন নিষিদ্ধ, শুধুমাত্র টিম ম্যানেজারের কাছে একটি ফোন রাখার নিয়ম, এবার থেকে ঘরোয়া ক্রিকেটেও একই নিয়ম প্রযোজ্য হচ্ছে। খেলোয়াড় থেকে কোচ, সহকারী কোচিং স্টাফ পর্যন্ত সবাইকেই এই প্রক্রিয়া মেনে চলতে হবে। সম্প্রচারের দিক থেকেও এবার বড় পরিবর্তন এসেছে। টি-স্পোর্টস আবারও সরাসরি সম্প্রচার করবে ডিপিএলের ম্যাচগুলো, যা দীর্ঘদিনের দাবি ছিল ক্রিকেটপ্রেমীদের।


আগামীকাল লিগের প্রথম রাউন্ডেই নামছে সবগুলো দল। একসঙ্গে ছয়টি ম্যাচ শুরু হবে সকাল নয়টায়। বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে আবাহনী লিমিটেড মুখোমুখি হবে ঢাকা লেপার্ডসের, বিকেএসপি-৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে সিটি ক্লাবের বিপক্ষে আর ইউল্যাব গ্রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্স মোকাবেলা করবে ব্রাদার্স ইউনিয়নকে। এছাড়া ক্রিকেটার্স অ্যাকাডেমিতে লিজেন্ডস অফ রূপগঞ্জ খেলবে রূপগঞ্জ টাইগার্সের বিরুদ্ধে, পুবের্গাঁও মাঠে গুলশান ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে বশুন্ধরা স্ট্রাইকার্সের এবং বিকেএসপি-৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। ৫ মে রিজার্ভ ডে এবং ৬ মে বিশ্রাম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews