চমক অব্যাহত রেখেছে নরওয়ের অখ্যাত ক্লাব বোডো/গ্লিম্ট। আবারো বড় অঘটন উপহার দিয়েছে তারা। চ্যাম্পিয়নস লিগে এবার দলটার শিকার ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান।
চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ ম্যাচে বুধবার গত আসরের রানার্সআপ ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়েছে বোডো/গ্লিম্ট। দুই অ্যাসিস্ট ও একটি গোল করে জয়ের নায়ক কাসপার হগ।
নরওয়ের মাত্র দ্বিতীয় ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইতালিয়ান কোনো ক্লাবের বিপক্ষে জয় পেল বোডো/গ্লিম্ট। এর আগে ১৯৯৬ সালে এসি মিলানকে হারিয়েছিল রোজেনবর্গ।
অবশ্য এবারের চ্যাম্পিয়নস লিগে শুরু থেকেই চমক দেখাচ্ছে বোডো/গ্লিম্ট। এর আগ ঘরের মাঠে ম্যানচেস্টার সিটি ও অ্যাওয়ে ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকেও হারিয়েছে তারা।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সপ্তম জয়ের লক্ষ্যে মাঠে নামা সিরি আ’র শীর্ষ দল ইন্টার ম্যাচের ২০তম মিনিটেই পিছিয়ে পড়ে। হগের দৃষ্টিনন্দন ব্যাকহিল পাসে সুযোগ গোল করেন সন্ড্রে ব্রুনস্টাড ফেত।
১০ মিনিট পরই অবশ্য সমতায় ফেরে ইন্টার। স্ট্রাইকার পিও এসপোজিতোর সুযোগসন্ধানী গোলে প্রতিদ্বন্দ্বিতা ফেরে ম্যাচে। ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।
তবে দ্বিতীয়ার্ধে দ্রুত ২ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় স্বাগতিকরা। ৬১ মিনিটে জেন্স পিটার হাউগেকে সুযোগ করে দেন হগ। গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে বল পাঠান হাউগে।
আর তিন মিনিট পর ব্লমবার্গের নিখুঁত ক্রসে গোল করেন হগ। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এটি তার চতুর্থ গোল। এরপর আর গোল না হলেও বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বোদো/গ্লিম্টস।
আগামী মঙ্গলবার হবে দ্বিতীয় লেগ। গত তিন মৌসুমে দু’বার ফাইনালে ওঠা ইন্টার মিলানকে এখন পরের রাউন্ডে যেতে হলে ঘরের মাঠে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।