বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো আর্জেন্টিনা দল। তাদের জন্য বড় এক দুঃসংবাদ বয়ে এনেছেন তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ! আঙুল ভেঙেছে এই তারকা গোলরক্ষকের।

গতরাতে অ্যাস্টন ভিলাকে উয়েফা ইউরোপা লিগের শিরোপা জেতান এমিলিয়ানো। তবে ফাইনাল শুরুর ঠিক আগে ওয়ার্মআপের সময় হাতের আঙুল ভেঙে যায় তার। যদিও সেই তীব্র চোট ও অসহ্য ব্যথা উপেক্ষা করেই পুরো ম্যাচ খেলেন তিনি।

বুধবার (২০ মে) দিবাগত রাতে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে জার্মান ক্লাব এসসি ফ্রাইবুর্গকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় অ্যাস্টন ভিলা।

পুরো ম্যাচে ভাঙা আঙুল নিয়েই দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে নিজের ক্লিনশিট ধরে রাখেন মার্তিনেজ। ৩০ বছরের অপেক্ষা ঘুচিয়ে শিরোপা জেতান দলকে।

তবে ম্যাচ শেষে এসে জানা যায়, ফাইনালে কিকঅফের আগেই এই অনাকাঙ্ক্ষিত চোটে পড়েছিলেন তিনি। পরে আঙুলে বিশেষ ব্যান্ডেজ বেঁধেই মাঠে ফেরেন।

ম্যাচ শেষে ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের চোটের ভয়াবহতা নিয়ে মার্তিনেজ বলেন, ‘আজ আমরা যা অর্জন করেছি, সেটা সত্যিই অসাধারণ। ম্যাচের আগে ওয়ার্মআপের সময় আমার আঙুল ভেঙে যায়। জীবনে আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। বল ধরতে গেলেই আঙুলটা অন্যদিকে সরে যাচ্ছিল। আমি এটাকে নেতিবাচকভাবে নিইনি। ফুটবলে এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই আমাদের যেতে হয়।’

এদিকে ইউরোপা লিগ জয়ের আনন্দ ছাপিয়ে এখন বড় প্রশ্ন, বিশ্বকাপের আগে সেরে উঠবেন তো এমিলিয়ানো। অবশ্য নিজের এই চোট নিয়ে খুব একটা চিন্তিত নন খোদ বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

হাসিমুখেই শঙ্কার কথা উড়িয়ে দিয়ে মার্তিনেজ বলেন, ‘ইউরোপা জিতে আমি ভীষণ খুশি। এখন সময় সতীর্থদের সাথে ঐতিহাসিক এই জয় উদযাপন করার। এই ক্লাবের সমর্থকরা অনেক দিন এমন আনন্দ পায়নি। এই উদযাপনের পর আমার পুরো মনোযোগ থাকবে বিশ্বকাপে।’

মার্তিনেজ ভক্তদের আশ্বস্ত করলেও, আলবিসেলেস্তেদের মেডিক্যাল টিম এখন তার আঙুলের এক্স-রে রিপোর্ট ও পুনর্বাসনের সময়ের দিকে কড়া নজর রাখছে। শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপের বিমানে চড়তে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews