উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে বেনফিকার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।
ফরাসি সংবাদমাধ্য লেকিপ এই তথ্য জানিয়েছে। তাদের খবরে বলা হয়েছে, লা লিগায় গেতাফে ও সেল্তা ভিগোর বিপক্ষে পরবর্তী ম্যাচগুলোতেও এমবাপের খেলা অনিশ্চিত।
শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে ঘরের মাঠে বুধবার রাতে বেনফিকার বিপক্ষে খেলবে রিয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।
প্রথম লেগে বেনফিকার মাঠে ১-০ গোলে জেতায় এদিন ড্র করলেই শেষ ষোলোর টিকেট পেয়ে যাবে রিয়াল।
আগের দিন সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া বলেছিলেন, এমবাপের খেলার জন্য প্রস্তুত। তবে ঝুঁকি এড়াতে এখন তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ।
গত ডিসেম্বর থেকেই বাম হাঁটুর লিগামেন্টের সমস্যায় ভুগছেন এমবাপে। সেই চোট পুরোপুরি সেরে না উঠতেই গত কয়েক সপ্তাহ ধরে খেলছিলেন। মঙ্গলবার অনুশীলনের সময় অস্বস্তি অনুভব করলে সেশন শেষ না করেই মাঠ ছাড়তে বাধ্য হন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা।
চ্যাম্পিয়নস লিগে ৮ ম্যাচে ১৩ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে এমবাপে। ফরাসি এই তারকার অনুপস্থিতি তাই দলটির জন্য বড় ধাক্কা। এমবাপের বদলি হিসেবে রিয়ালের আক্রমণভাগে গঞ্জালো গার্সিয়া সুযোগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।