বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ কোচ জাইলস বোনেট। এ লক্ষ্যে বুধবার বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক ও জাইলস বোনেটের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএইচএফের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স এবং কোষাধ্যক্ষ মিজানুর রহমান ডন।
আরও পড়ুন
আরও পড়ুন তুরস্কে পৌঁছালেন সালাহ, সমর্থকদের উন্মাদনা

চুক্তি অনুযায়ী, অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপের প্রস্তুতি পর্ব থেকে শুরু করে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ জুনিয়র হকি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বোনেট।
আন্তর্জাতিক হকিতে তিন দশকের বেশি কোচিং অভিজ্ঞতা রয়েছে এই দক্ষিণ আফ্রিকান কোচের। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বেলজিয়াম পুরুষ জাতীয় হকি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বেইজিং অলিম্পিকে রৌপ্যপদকজয়ী চীনের জাতীয় দলের কৌশলগত উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি।
বিএইচএফের আশা, জাইলস বোনেটের অভিজ্ঞতা ও নেতৃত্বে বাংলাদেশ যুব হকি দল আসন্ন জুনিয়র এশিয়া কাপে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবে।