সহসাই জট খুলছে না সাকিব আল হাসান রহস্যের। গুঞ্জন উঠলেও এখনই দেশে ফেরা হচ্ছে না তার। রাজনৈতিক পালাবদল হলেও বাড়ছে অপেক্ষা, বুঝেশুনেই ফির‍তে চান সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

২০২৪ সালের আগস্টে হাসিনা সরকারের পতনের পর সাকিব আর দেশে ফেরেননি। এর মাঝে তার নামে হত্যা মামলাসহ আরো বেশ কয়েকটি অভিযোগ উঠে। ফলে তার দেশে না ফেরা নিশ্চিতই ছিল একপ্রকার।

তবে সম্প্রতি তার জাতীয় দলে ফেরার বিষয়ে জোরালো আলোচনা হচ্ছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর, যা ভিন্ন মাত্রা পেয়েছে।

নির্বাচনের বেশ কয়েক মাস আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টি স্পোর্টসকে সাকিবের জাতীয় দলের ফেরা প্রসঙ্গে বলেছিলেন, ‘জাতীয় দলে খেলা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে।’

‘তখন সে ক্রিকেটে থাকবে কি না তার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য, সে অবশ্যই আসবে খেলবে।’

এদিকে সাকিব ও মাশরাফী বিন মোর্ত্তজার বিরুদ্ধে খুনের মামলা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। দেশের এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি।

ইশরাক বলেন, ‘তারা ক্রিকেটার, তাও যেনতেন ক্রিকেটার না, বাংলাদেশ ক্রিকেটের সম্পদ। আমি ক্রিকেটার হিসেবে বিবেচনা করছি। জনগণ এই বিষয়ে (রাজনৈতিক) তাদের জবাব ইতোমধ্যেই এক প্রকার দিয়ে দিয়েছে, সমাজ দিয়ে দিয়েছে।’

‘তবে তাদের বিরুদ্ধে যে গণহত্যার মামলা, সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় না তারা নির্দেশ দিয়ে কাউকে হত্যা করেছে বা বন্দুক হাতে তুলে নিয়ে কাউকে হত্যা করেছে।’

তবে তাদের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়ে ইশরাক বলেন, ‘তাদের বিরুদ্ধে অন্য কোনো দুর্নীতি বা মানি লন্ডারিংয়ের অভিযোগ যদি থাকে, তাহলে সেটা যথাযথ কর্তৃপক্ষের উচিত হবে খতিয়ে দেখা।’

অর্থাৎ বুঝাই যাচ্ছে সাকিব ইস্যুতে বেশ নমনীয় বিএনপি। তবে সাকিব এখনই এসব নিয়ে কিছু ভাবছেন না। সম্প্রতি ইংরেজি দৈনিক দ্য ডেইলি সানকে তিনি বলেন, ‘আপনারা অনেক দূর চিন্তা করে ফেলছেন। আগে আমাকে দেখতে দিন সামনের দিনগুলোতে কী হয়।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews