আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনাসহ বিভিন্ন গুরুতর অভিযোগে জোবাইদুল আমিন (২৮) নামের এক বাংলাদেশিকে গ্রেফতারের পর মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, এফবিআই ও তাদের আন্তর্জাতিক অংশীদারদের যৌথ অভিযানে জোবাইদুলকে গ্রেফতার করা হয়। ২০২২ সাল থেকে তিনি পলাতক ছিলেন।

পোস্টে আরও জানানো হয়, জোবাইদুলকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে নেওয়া হয়েছে। সেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে শুনানি হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে এফবিআই।

এই অভিযানে সহযোগিতার জন্য মালয়েশিয়া সরকারসহ যুক্তরাষ্ট্রের স্থানীয় অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন এফবিআইয়ের পরিচালক।

এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার অভিযোগে ৫ মার্চ আলাস্কার ডিস্ট্রিক্ট আদালতে এক বাংলাদেশিকে হাজির করার সময় নির্ধারণ করা হয়েছে।

নিউ স্ট্রিট টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি জোবাইদুল আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

অভিযোগে বলা হয়, আলাস্কাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান এবং বিদেশে শত শত শিশুকে যৌন নিপীড়নের সঙ্গে সম্পর্কিত কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে।

অভিযোগ অনুযায়ী, জোবাইদুল ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপ্রাপ্তবয়স্কদের খুঁজে বের করতেন। পরে তাদের দিয়ে যৌন উস্কানিমূলক ছবি ও ভিডিও তৈরি করতে বাধ্য করা হতো।

যুক্তরাষ্ট্রে অভিযোগ আনার আগে জোবাইদুল মালয়েশিয়ায় বসবাস করছিলেন এবং সেখানে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করছিলেন।

২০২২ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও তার বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ ও তৈরির অভিযোগে মামলা দায়ের করে।

জোবাইদুলের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারের বিষয়ে এফবিআই এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছিল। সর্বশেষ ৪ মার্চ তাকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে যাওয়া হয়।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে জোবাইদুল আমিনের ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews