ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডস করপস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌ ও বিমানবাহিনী যৌথভাবে এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার ৮৫টি স্থানে হামলা চালিয়েছে।
আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়, এই হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। আইআরজিসি এই অভিযানকে আজ ভোরের দিকে হরমোজগান ও মাহশাহরের উপকূলীয় ঘাঁটি এবং অসামরিক স্টেশনগুলোতে মার্কিন বিমান হামলার একটি প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। তারা এই মার্কিন হামলাকে যুদ্ধবিরতি এবং সমঝোতা স্মারকের চরম লঙ্ঘন বলে দাবি করেছে। একই সাথে আইআরজিসি এই মার্কিন হামলাকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজা ও শোকযাত্রার সাথে যুক্ত করে বলেছে, ওয়াশিংটন মূলত এই ঐতিহাসিক ঘটনাটিকে আড়াল করার উদ্দেশ্যেই এই হামলা চালিয়েছে।