আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পূর্ণ সদস্য দেশগুলোর মাঝে কেবল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেই এখনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়াকে হারানোর দারুণ সুযোগ দাঁড়িয়ে দোরগোড়ায়।

১৫ বছর পর কোনো দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকেরা। বৃষ্টি আইনে অজিদের ৮৬ রানে হারায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডেতে জয়ের স্বাদ পেল টাইগাররা ১৫ ম্যাচ পর। সময়ের হিসাবে ২১ বছর পর! অজিদের বিপক্ষে এর আগে বাংলাদেশের একমাত্র জয়টি ছিল কার্ডিফে, ২০০৫ সালে।

এরপর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরো একটা জয়ের জন্য যেখানে দু’দশকের অপেক্ষা, সেখানে পরের জয়টা আসতে পারে আজই। ক্যাঙ্গারুদের বিপক্ষে টাইগারদের প্রথম সিরিজ জয়ের হাতছানি।

এমন ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে যাবে মেহেদী মিরাজের দল।

কী অভাবনীয় পরিবর্তন। যেখানে সব সময় বাংলাদেশকে খেলতে হতো সিরিজ হার এড়ানোর লক্ষ্যে, সেখানে এবার ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আজ মাঠে নামবে সিরিজ জয়ের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে।

জিতলে যেমন ইতিহাস গড়বে টাইগাররা, র‍্যাঙ্কিংয়েও উন্নতি হবে তাদের। সেই সাথে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার পথে আরো একধাপ এগিয়ে যাবে মেহেদী মিরাজের দল।

যদিও সহজ হবে না। প্রথম ম্যাচে তাদের অহমে বেশ চোট লেগেছে, দর্প চুর্ণ হয়েছে। ফলে ঘুরে দাঁড়াতে মরণ কামড় দেবে তারা। সেই লক্ষ্যে তড়িঘড়ি করে উড়িয়ে এনেছে অভিজ্ঞ মিচেল মার্শকে।

অজিদের অভিজ্ঞ তারকা অ্যালেক্স ক্যারিও দিয়েছেন ঘুরে দাঁড়ানোর বার্তা। বলেন, ‘এটা তো একটা সিরিজ। আমাদের হাতে আরো দু’টি ম্যাচ আছে। আশা করি এই ম্যাচটা থেকে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব।’

তবে প্রথম ম্যাচে যেভাবে খেলেছে বাংলাদেশ, সেই ধারা ধরে রাখতে পারলে সিরিজ জয় খুব একটা কঠিন হওয়ার কথা না। বেলা ১১টায় সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews