ফ্যাসিবাদ বা নতুন কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখছি আবারও ব্যাংক লুটেরাদের লুটপাটের সুযোগ করে দেওয়া হচ্ছে। নানাভাবে দেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও পেশিশক্তি ও ক্ষমতার দাপটের রাজনীতি শুরু হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা এদেশের মানুষের পরিবর্তন ও সংস্কারের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশকে সাজাতে চেয়েছিলাম। নির্বাচনের আগে আমরা বলেছিলাম, এটি হবে পরিবর্তনের নির্বাচন। কিন্তু দুঃখজনকভাবে নির্বাচনের পরপরই সরকার গণভোটকে অস্বীকার করেছে এবং নির্বাচনকে একটি স্বাভাবিক পটপরিবর্তনের প্রক্রিয়ায় রূপ দিয়েছে। সংবিধানসহ বিভিন্ন সংস্কার একে একে বাতিল করা হয়েছে।’

তিনি আরও বলেন, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এনসিপির নেতৃত্বে দেশের সাধারণ মানুষ আবারও নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হবে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল। এছাড়া রেলের দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মী মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় তিন হাজার নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে নতুনদের বরণ করে নেন।

নতুন যোগদানকারীরা দেশ ও জাতির অধিকার রক্ষায় এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিক্রিয়া জানিয়ে ইসহাক সরকার বলেন, বর্তমান শাসকগোষ্ঠী আবারও ফ্যাসিবাদের পথে হাঁটলে তারা রাজপথে নামবেন। এনসিপির মাধ্যমে মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

এমআর//




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews