প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণার সঙ্গে সংহতি জানিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে গাজীপুর সাংবাদিক সমিতি।

বুধবার (৫ আগস্ট) দুপুরে গাজীপুর মহানগরের পারিজাত কোনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সাজ্জাদুর রহমান মামুন।

গাজীপুর সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারিকুল জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ সাজ্জাদুর রহমান মামুন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, গাছ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যার দায়িত্বও সবার নিতে হবে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা শেষে বিদ্যালয়, মসজিদ ও কবরস্থানের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews