সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

শনিবার (১৫ আগস্ট) রাতে কুয়ালালামপুরের বুকিট বিন্তাংয়ের পিঠাঘর রেস্তোরাঁর হলরুমে এশার নামাজের পর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের মানুষের অধিকার আদায়ে তার ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, দেশ ও জনগণের প্রতি অঙ্গীকার, আপসহীন নেতৃত্ব, সাহস ও রাজনৈতিক প্রজ্ঞার কারণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।

মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালহা উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বক্তারা বলেন, একজন সাধারণ গৃহিণী থেকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রী হয়ে ওঠার পেছনে খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা, সততা, দেশপ্রেম ও দৃঢ় নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের ধারাকে এগিয়ে নেওয়া এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তারা আরও বলেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, কারাবরণ ও নির্যাতনের মুখোমুখি হলেও খালেদা জিয়া তার রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি। দেশের মানুষের সঙ্গে তার রাজনৈতিক ও আবেগগত সম্পর্ক ছিল গভীর। তার দেশপ্রেম ও রাজনৈতিক আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

সভায় বক্তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তার নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে সামনে রেখে একটি গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

আলোচনা সভায় বিএনপি মালয়েশিয়ার সহসভাপতি ড. এস এম রহমান তনু, জামালপুর সদর বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, অধ্যাপক ও পিএইচডি স্কলার সাফিউর রহমান, যুবদল মালয়েশিয়ার সভাপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি মো. নাজমুল হাসান ও শেখ মো. সেলিম, জাসাসের আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, যুবদলের প্রচার সম্পাদক বাদল কারার এবং স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম কবিরসহ নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিএনপি মালয়েশিয়ার সহসভাপতি আব্দুল জলিল লিটন, ক্রীড়া সম্পাদক মো. আরিফ হোসেন, বুকিট বিন্তাং বিএনপির সভাপতি আনোয়ার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক সোহেল রানা আজাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল রানা, সহসাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বাবু, ছাত্রনেতা আদিব আঞ্জম, যুবনেতা আলী শরিফ, জাসাসের ফয়সালসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews