যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কনসুলেট জেনারেল অব বাংলাদেশ, সিডনি -এর উদ্যোগে সিডনিতে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পার্লামেন্ট অব নিউ সাউথ ওয়েলস এর স্ট্রেঞ্জার্স ফাংশন রুমে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে কনসাল জেনারেল শেলী সালেহীন উপস্থিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় বাদক দল বিউগলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাবিহা আনবার। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউ সাউথ ওয়েলসের বিধান পরিষদের (লেজিসলেটিভ কাউন্সিল) মাননীয় প্রেসিডেন্ট বেঞ্জামিন ক্যামেরন ফ্র্যাঙ্কলিন, এমএলসি; মাননীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী অনুলক চন্তিভং, এমপি; এবং মাননীয় দক্ষতা, টিএএফই (TAFE) ও উচ্চশিক্ষা মন্ত্রী স্টিভেন জেমস রবার্ট ওয়ান, এমপি।
কনসাল জেনারেল শেলী সালেহীন তার বক্তব্যে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সকল স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্যসংখ্যক সংসদ সদস্য, বর্তমান ও সাবেক মেয়র ও কাউন্সিলরসহ স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধি, মিডিয়া কর্মী, শিক্ষা ও গবেষণা খাতের প্রতিনিধিরা, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী এবং সিডনিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও দেশের প্রতি ভালোবাসা আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।
সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিরা একে অপরের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিবসটির গুরুত্ব স্মরণ করেন।
উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রবাসে আয়োজিত এ ধরনের অনুষ্ঠান বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে আরও উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিডি প্রতিদিন/কেএইচটি