কৃষি শ্রমিক জাফর আহমেদ এর বড় ছেলে জাবেদ ওমর (২১) জন্মগত ভাবে শারীরিক ও বাক প্রতিবন্ধী। দশ বছর বয়স পর্যন্ত সে হামাগুড়ি দিয়ে চলতো। পরবর্তীতে নামাজের প্রতি তার আগ্রহ বাড়তে থাকলে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে মসজিদে যাওয়া শুরু করে। পারিবারিক অসচ্ছলতা ও প্রতিবন্ধীর নামাজ আদায়কে অগ্রাধিকার দিয়ে পবিত্র রমজান উপলক্ষ্যে জাবেদ ওমরকে 'রমজান উপহার' দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। 

বৃহস্পতিবার সকালে প্রতিবন্ধী জাবেদ ওমরকে 'রমজান উপহার' পৌঁছে দিয়েছেন বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সদস্যরা। 

কালের কণ্ঠের কুমিল্লার লালমাই-সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উপহার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন লালমাই রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি প্রদীপ মজুমদার, বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সভাপতি ডেন্টিষ্ট মফিজুল ইসলাম মুন্না, সহ-সভাপতি মাছুম বিল্লাহ মুহাজির, ফরহাদ উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল ও সদস্য মো. সৈকত। 

প্রতিবন্ধী জাবেদ ওমরের বাবা কৃষি শ্রমিক জাফর আহমেদ বলেন, চার সন্তানের মধ্যে জাবেদ ওমর সবার বড়। পরিবারের সদস্যদের খাওয়া-পরা জোগাতেই হিমশিম খেতে হয়। টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছি না। দ্রব্যমূল্য বেশি হওয়ায় রমজানে কেনাকাটা করতে পারিনি। তবে প্রথম রমজানেই বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে 'রমজান উপহার' পেয়েছি। আশা করি রমজান মাসটি ভালোভাবে কাটবে আমাদের।

লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, বসুন্ধরা শুভসংঘ গত কয়েক বছরে লালমাই উপজেলায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ফ্রি দন্ত সেবা, নারী শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্য সেবা, অসহায় পরিবারে খাদ্য সহায়তা, এতিমদের সঙ্গে ইফতার ও সেমিনারসহ অর্ধশতাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে। আশা করি আগামীতেও সংগঠনটি প্রতি মাসে আমাদের উপজেলায় কর্মসূচি রাখবেন।

বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সভাপতি ডেন্টিস্ট মফিজুল ইসলাম মুন্না বলেন, প্রতিবন্ধী জাবেদ ওমরের বাড়িতে রমজানের শুরুতেই উপহার পৌঁছাতে পেরেছি। উপহার গ্রহণকালে জাবেদ ওমরের হাঁসি খুশি আমাদের কাজের গতি আরো বাড়িয়ে দেবে। 

লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন, শারীরিক ও বাক প্রতিবন্ধী হয়েও পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা জাবেদ ওমর কে রমজানের উপহার পৌঁছে দেওয়ায় বসুন্ধরা শুভসংঘের সদস্যদের ধন্যবাদ। আশা করি সংগঠনটি সমাজের পিছিয়ে পড়াদের পাশে নিয়মিত থাকবে।

বিডি-প্রতিদিন/তানিয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews