মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এমনটা ভাবেননি। এভাবে গেরুয়া–ঝড়ে তছনছ হয়ে যাবে তাঁর সাজানো বাগান। মাত্র ১৫ বছরেই ভেঙে চুরমার হলো তৃণমূলের স্বপ্ন। আগামী ৫ বছর শাসন করার স্বপ্ন এখন মমতার কাছে দুঃস্বপ্ন। বাংলায় এবার ‘পদ্মাসনে’ বসতে চলেছে বিজেপি।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—সর্বত্রই তৃণমূলের বাগান তছনছ হয়েছে। এমনকি খাস কলকাতাতেও ঘটেছে শাসকদলের মহাপতন। অথচ ফল প্রকাশের আগের দিনও মমতা জোর দিয়ে বলেছিলেন, তৃণমূলই ক্ষমতায় থাকছে এবং মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। কিন্তু সোমবার ভোট গণনা শুরু হতেই চিত্রটা পাল্টে যায়। চারদিকে জোড়া ফুল ঝরতে শুরু করে আর ফুটতে থাকে পদ্ম।
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ২০৬টিতে জয়ী হয়েছে বিজেপি। বিপরীতে তৃণমূল জয় পেয়েছে ৮০টি আসনে, আর একটি আসনে তারা এগিয়ে আছে। এ ছাড়া বাম-আইএসএফ জোট এবং কংগ্রেস পেয়েছে ২টি করে আসন। বিজেপির জয়ের খবর ছড়াতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে গেরুয়া–ঝড়। গেরুয়া আবির আর লাড্ডু-মিষ্টি নিয়ে রাস্তায় নেমেছেন বিজেপি সমর্থকেরা। অন্যদিকে স্তব্ধ হয়ে গেছে তৃণমূলের সব আস্ফালন।