উইনস্টন চার্চিল কিংবা জেন অস্টেনের মতো বিখ্যাত ব্যক্তিদের বদলে যুক্তরাজ্যের ব্যাংকনোটে এবার স্থান পেতে পারে বিভিন্ন বন্যপ্রাণীর ছবি। এ লক্ষ্যে নতুন ব্যাংকনোটের জন্য সম্ভাব্য নকশার একটি সংক্ষিপ্ত তালিকা বা শর্টলিস্ট প্রকাশ করেছে ব্যাংক অব ইংল্যান্ড। তালিকায় রয়েছে পাফিন পাখি, ডলফিন ও মৌমাছির মতো পরিচিত প্রাণী।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জাল নোট প্রতিরোধের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ পরিবর্তনের চিন্তা করা হচ্ছে। ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে, ব্যাংকনোটের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং এর ব্যবহার সহজতর করতে সময়ে সময়েই নোটের নকশা পরিবর্তন করা হয়।

ব্যাংক কর্তৃপক্ষের মতে, বন্যপ্রাণীর জটিল ছবি ও নকশা জাল নোট তৈরি করাকে আরও কঠিন করে তুলতে পারে। পাশাপাশি এটি যুক্তরাজ্যের সমৃদ্ধ প্রাকৃতিক ঐতিহ্য তুলে ধরারও একটি সুযোগ।

জানা গেছে, বন্যপ্রাণী বিশেষজ্ঞদের একটি বিশেষ প্যানেলের সহায়তায় এই শর্টলিস্ট প্রস্তুত করা হয়েছে। তবে বিখ্যাত ব্যক্তিদের ছবি বাদ দিয়ে প্রাণীদের ছবি ব্যবহারের সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে যুক্তরাজ্যে বিতর্ক শুরু হয়েছে।

কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনখ এ উদ্যোগকে “বোকা সিদ্ধান্ত” বলে মন্তব্য করেছেন। অন্যদিকে রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ বিষয়টিকে “সম্পূর্ণ পাগলামি” বলে আখ্যা দিয়েছেন।

এদিকে বন্যপ্রাণী সংস্থা আরএসপিসিএও তালিকাটির সমালোচনা করেছে। সংস্থাটির মতে, ডলফিন বা পাফিনের মতো আকর্ষণীয় প্রাণীদের পরিবর্তে পায়রা, ইঁদুর ও গাঙচিলের মতো অপেক্ষাকৃত অবহেলিত প্রাণীদের অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।

উল্লেখ্য, নতুন নকশা চূড়ান্ত হলে তা বর্তমানে প্রচলিত ৫, ১০, ২০ ও ৫০ পাউন্ডের ব্যাংকনোটে ব্যবহার করা হবে।

বিডি-প্রতিদিন/শআ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews