কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক মো. সুমন হোসেনের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় গোসাইডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শোডাউনটি শুরু হয়। পরে শতাধিক মোটরসাইকেল নিয়ে আমবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খোকসা উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আইনুদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক মো. সুমন হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খোকসা উপজেলা সেক্রেটারি মো. আসাদুজ্জামান চান্নু, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আজাদ আহমেদ, আমবাড়িয়া ইউনিয়ন আমির মো. আবু সায়েম মোল্লা, ইউনিয়ন সেক্রেটারি মো. জাকির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রশিবিরের জেলা শাখার মাদ্রাসাবিষয়ক সম্পাদক হাফেজ মো. আব্দুল আলিম।
সমাবেশে চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক মো. সুমন হোসেন বলেন, নির্বাচিত হলে আমবাড়িয়া ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস থেকে মুক্ত করতে কাজ করবেন। পাশাপাশি বয়স্ক ও বিধবা মানুষদের পাশে দাঁড়ানো, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পিছিয়ে পড়া ও দরিদ্র শিশুদের শিক্ষার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আমবাড়িয়া ইউনিয়নকে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।