ঢাকা, ১৯ মার্চ – ঈদুল ফিতরের ঠিক আগে দেশের বাজারে এক দিনে দুই দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দুই দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৩৩৮ টাকা দাম কমানো হয়েছে। ফলে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় নেমে এসেছে।

বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই তথ্য জানায়, যা বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। এর আগে সকালে প্রথম দফায় ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম কমে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের দাম দুই লাখ দুই হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে চলতি মাসের শুরু থেকেই সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল।

বিশ্বস্ত ওয়েবসাইট গোল্ডপ্রাইসের তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ডলারের ওপর থেকে কমে ৪ হাজার ৬৮০ ডলারে নেমে এসেছে। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বিশ্ববাজারের প্রভাবে দেশের বাজারেও সোনার দাম রেকর্ড পরিমাণ বেড়েছিল। সেসময় এক ধাক্কায় ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়েছিল বাজুস, যার ফলে দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

এনএন/ ১৯ মার্চ ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews