বলিউড তারকাদের ঘনিষ্ঠ বন্ধু এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি (Orry) আবারও আলোচনায় এসেছেন তার আয়ের অঙ্ক প্রকাশ করে। এক রিল ভিডিও পোস্ট করার জন্য তিনি এক প্রতিষ্ঠান থেকে ৭৬ লাখ রুপি নিয়েছেন বলে জানিয়েছেন নিজেই।
সম্প্রতি ‘লার্ন বাই কেকে ক্রিয়েট’ পডকাস্টে অংশ নিয়ে নিজের আয়-রোজগার নিয়ে খোলামেলা কথা বলেন ওরি। তিনি জানান, ব্র্যান্ড প্রচারণা, সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণের মাধ্যমেই তার প্রধান আয় আসে।
ওরি বলেন, “গত মাসে শুধু একটি চুক্তি থেকেই ৭৬ লাখ রুপি আয় করেছি। সেটি ছিল একটি রিল ভিডিওর জন্য।”
মুম্বাইয়ের একটি ধনী ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করা ওরির পারিবারিক ব্যবসা রয়েছে হোটেল, রিয়েল এস্টেট এবং মদ শিল্পে। তবে পারিবারিক ব্যবসার পথে না গিয়ে তিনি নিজেকে আলাদা পরিচয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠিত করেছেন।
তিনি প্রায়ই দেখা যান বলিউড তারকাসন্তান জাহ্নবী কাপুর, খুশি কাপুর, শানায়া কাপুর এবং নায়সা দেবগনের মতো পরিচিত মুখদের সঙ্গে। এসব উপস্থিতি তাঁকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে।
পডকাস্টে ওরি আরও জানান, তিনি শুধু অনলাইন কনটেন্টেই নয়, ব্যক্তিগত অনুষ্ঠানেও অর্থের বিনিময়ে অংশ নেন। তাঁর মতে, কোনো বিয়ে, জন্মদিন বা নৈশভোজে তাঁকে আমন্ত্রণ জানাতে হলে ১৫ থেকে ২৫ লাখ রুপি পর্যন্ত খরচ করতে হয়।
হাস্যরস করে তিনি বলেন, “১৫ থেকে ২৫ লাখ রুপি দিলে আমি আপনার সঙ্গে দুপুর বা রাতের খাবারে যোগ দেব, এমনকি বিয়ে বা জন্মদিনেও উপস্থিত থাকব।”
ওরি আরও জানান, অনুষ্ঠানে গিয়ে তিনি শুধু উপস্থিত থাকেন না, অতিথিদের সঙ্গে কথা বলেন, ছবি তোলেন এবং তাঁর পরিচিত ‘সিগনেচার পোজ’ও দেন।
এত আয় থাকা সত্ত্বেও আর্থিক সিদ্ধান্তের দায়িত্ব এখনো তার বাবা-মায়ের হাতেই রয়েছে বলে জানান এই ইনফ্লুয়েন্সার। তার ভাষায়, “আমার টাকা এখনো মা–বাবাই সামলান। মনে হয় এটা আমি কখনোই বদলাতে পারব না।”
পূর্বকোণ/পিবিরা