তেহরান, ৫ আগস্ট – হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুবিধার্থে একটি নতুন ‘মধ্যবর্তী করিডোর’ বা বিকল্প জলপথ চালু করতে যাচ্ছে ইরান ও ওমান। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদন অনুযায়ী তেহরান ও মাস্কাটের মধ্যে এই নৌপথ নিয়ে চলমান আলোচনা এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে।
খুব শীঘ্রই একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্বাক্ষরিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে যে উপকূলীয় রাষ্ট্র হিসেবে নিজস্ব সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে এই মধ্যবর্তী করিডোর তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই নতুন পথটি চালু হলে বর্তমানে বিদ্যমান উত্তর ও দক্ষিণ উভয় রুটেরই বিকল্প হিসেবে কাজ করবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন যে নিরাপদ সামুদ্রিক পথ নির্ধারণের ক্ষেত্রে এই আলোচনা কারিগরি ও রাজনৈতিক উভয় দিক থেকেই ইতিবাচকভাবে এগোচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন যে এর মাধ্যমে অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা আরও জোরদার হবে। মাত্র ৩৪ কিলোমিটার প্রশস্ত এই আন্তর্জাতিক জলপথটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে বিভিন্ন সময়ে বৈশ্বিক উত্তেজনার জেরে এই পথে জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে।
যুদ্ধের আগে এখানে জাতিসংঘের অনুমোদিত একটি দ্বিমুখী ট্রাফিক ব্যবস্থা কার্যকর ছিল যা ইরান ও ওমানের জলসীমা স্পর্শ করত। পরবর্তীতে পরিস্থিতির পরিবর্তন ঘটলে ইরান লারাক দ্বীপ সংলগ্ন নিজস্ব জলসীমা দিয়ে জাহাজ চলাচলের নির্দেশ দেয় যা ‘উত্তরের রুট’ হিসেবে পরিচিতি পায়।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ওমানের উপকূল দিয়ে ‘দক্ষিণের রুট’ চালুর জন্য চাপ সৃষ্টি করে আসছিল। এই দুই রুট নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের সংঘাত ও অস্থিতিশীলতা নিরসনে নতুন এই মধ্যবর্তী করিডোর একটি স্থায়ী সমাধান হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এস এম/ ৫ আগস্ট ২০২৬