যে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারাটাই বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি, সেখানে এবার তাদের বিপক্ষেই টাইগারদের সিরিজ জয়ের হাতছানি! নতুন ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ।
প্রায় ১৫ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নেমে মঙ্গলবার অজিদের বৃষ্টি আইনে ৮৬ রানে হারায় বাংলাদেশ। যা ২১ বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের প্রথম জয়। সব মিলিয়ে দ্বিতীয় জয়।
সেই জয়ের রেশ গায়ে মেখে আজ বৃহস্পতিবার সিরিজে দ্বিতীয় ম্যাচে অজিদের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরে খেলা শুরু বেলা ১১টায়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিততে নিশ্চয়ই চেষ্টার কোনো কমতি রাখবে না বাংলাদেশ। ফলে একাদশে আসতে পারে পরিবর্তন। টাইগাররা মাঠে নামবে সেরা শক্তি নিয়েই।
প্রথম ম্যাচের জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন। চার বছর পর জাতীয় দলে ফিরেই ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য উপহার দিয়ে দলকে জেতান। তাতে দল যেমন জয় পেয়েছে, তেমনি পেয়েছে স্বস্তিও।
৬-৭ এ ব্যাট করবেন, সাথে করতে পারবেন বোলিং- এমন একজন ক্রিকেটারের খোঁজ বাংলাদেশ করছে অনেকদিন ধরেই। মোসাদ্দেককে দিয়ে আপাতত সেই শূন্যস্থান পূরণে মনযোগ দেয়া যেতেই পারে।
তবে ওপেনিংয়ে ঘাটতিটা রয়েই গেছে। সাইফ হাসান যেভাবে শুরু করেছিলেন, তা ধরে রাখতে পারেননি। ব্যাটিংয়ের ধাচ বদলাতে গিয়ে রান করতেই যেন ভুলে গেছেন।
শেষ সাত ম্যাচে মাত্র ১ ফিফটি, শেষ তিন ম্যাচে তো দুই অঙ্কেই যেতে পারেননি। সব মিলিয়ে তার জায়গায় বদল আসতেই পারে। আজ একাদশে তানজিদ তামিমের সঙ্গী হতে পারেন সৌম্য সরকার।
তিনে নাজমুল হোসেন শান্ত ছন্দেই আছেন। চারে লিটন দাস ও পাঁচে তাওহীদ হৃদয়ের জায়গা নিশ্চিত। ছয়ে খেলবেন মোসাদ্দেক, আর সাতে মেহেদী মিরাজ। তবে বাংলাদেশ অধিনায়ক মোটেও ছন্দে নেই।
ব্যাটে-বলে ভালো করতে পারছেন না মিরাজ। বিদ্ধ হচ্ছেন সমালোচনার তীরে। শেষ পাঁচ ম্যাচে তার রান মাত্র ৩৯। বল হাতে উইকেটও পেয়েছেন মাত্র ৩টা। তবে অধিনায়ক হিসেবে দলে টিকে যাচ্ছেন তিনি।
তবে স্পিনার হিসেবে গত ম্যাচে খেলা তানভীর ইসলাম এই ম্যাচে একাদশে নাও থাকতে পারেন। ৬ ওভার বল করে ৩৩ রান দিয়েও কোনো উইকেট পাননি। ফলে আজ একাদশে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে।
পেস বিভাগে বিশ্রামের রীতি থাকলেও এই ম্যাচে হয়তো কাউকেই বিশ্রাম দেয়া হবে না। গত ম্যাচে খেলা সবাই থাকতে পারেন একাদশে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।