পাকিস্তানি ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণ ২০০৮ সালের পর থেকে বন্ধ থাকলেও এবার সেই নিয়ম ভেঙে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির সুযোগ পেতে পারেন আইপিএলে।
জানা গেছে, আমির এখন ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করেছেন। তার স্ত্রী নারজিস খান যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় সেই সূত্রেই তিনি এই নাগরিকত্ব পেয়েছেন। নতুন এই অবস্থানের কারণে তিনি ভবিষ্যতে বিদেশি ক্রিকেটার হিসেবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেতে পারেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আমির জানিয়েছেন, তার জীবনে নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন, সুযোগ পেলে আইপিএলে খেলার ব্যাপারে তিনি আগ্রহী এবং নিজেকে আবারও এই বড় মঞ্চে দেখতে চান।
আরও পড়ুন
আরও পড়ুন অস্ট্রেলিয়া সিরিজের আগে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা

২০০৮ সালের মুম্বাই হামলার পর ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করে। এর আগে শহিদ আফ্রিদি, শোয়েব আখতার, উমর গুল, শোয়েব মালিকসহ একাধিক তারকা এই টুর্নামেন্টে খেলেছিলেন।
এরপর কেবলমাত্র আজহার মাহমুদ আইপিএলে খেলতে পেরেছিলেন, কারণ তিনি ব্রিটিশ নাগরিকত্বের সুবিধা নিয়ে ২০১২ ও ২০১৩ সালে পাঞ্জাব এবং ২০১৫ সালে কলকাতার হয়ে মাঠে নামেন।
এখন তাই প্রশ্ন উঠেছে, আমিরও কি একই পথে আইপিএলে খেলার সুযোগ পাবেন? নাকি বিষয়টি শুধুই সম্ভাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? পরিস্থিতি কী দাঁড়ায় সেটা এখন সময় বলে দেবে।