মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়াকে কেন্দ্র করে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। আইসিসি ভেন্যু স্থানান্তরে রাজী না হওয়ায় বিশ্বকাপে অংশগ্রহণ করা হয়নি টাইগারদের। তৈরি হওয়া অস্থিরতা কাটাতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিসিসিআইকে চিঠি পাঠিয়েছে বোর্ড। পাশাপাশি বিসিবি জানিয়েছে, রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি লিটন দাসদের।

শনিবার বিসিবির চতুর্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

তিনি বলেন, ‘আমরা যখন প্রথম রিঅ্যাক্ট করেছিলাম, আমাদের ধারণা ছিল হয়তো আমরা ওদের সাথে আলাপ-আলোচনা করব, বার্গেনিং হবে। ওরা সরি বলবে, অথবা বলবে যে না আমরা এই ব্যবস্থা করব, সেই ব্যবস্থা করব। তারপর হয়তো আমরা রাজি হয়ে যেতে পারতাম যাওয়ার জন্য, শর্ত সাপেক্ষে হতে পারতাম। কিন্তু সেই পথে যাওয়ার কোনো সুযোগই যখন ছিল না, কারণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত যখন এসেছে যে আমরা যাব না, তখন আমাদের ওই প্রক্রিয়ার মধ্যে যাওয়ারও কোনো সুযোগ ছিল না।’

চিঠি পাঠানো নিয়ে নাজমুল আবেদিন বলেন, ‘সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। গত বছর বাংলাদেশ নারী দলের ভারতে যাওয়ার কথা ছিল যা স্থগিত হয়ে যায়। এ ব্যাপারেই বিসিসিআইকে মেইল করা হয়েছে।’

তবে এই বিষয়টিকে রুটিন ওয়ার্ক হিসেবেই দেখা হচ্ছে বলে মনে করেন ফাহিম, ‘সামনে যেসব ইভেন্ট আছে ভারতীয় বোর্ডের সাথে সংশ্লিষ্ট, এসব নিয়েও যোগাযোগ হয়েছে। এটা আমরা নিয়মিত অন্য বোর্ডের সাথেও করি। আশা করছি দ্রুত ওদের উত্তর পাব। সে অনুযায়ী তাদের সাথে যোগাযোগ হবে।’

ভারত অবশ্য এখনও বিসিবিকে জবাব দেয়নি। ফাহিম জানান, ‘আমরা ভারতকে মেইল করেছি, এই মেইলে সেটা ছিল। আশা করছি অদূর ভবিষ্যতে আমাদের আতিথেয়তা দিবে। বিশ্বকাপকে ঘিরে সম্পর্ক কিছুটা অবনতি হয়েছে অবশ্যই। আশা করছি এই সম্পর্ক ঠিক হয়ে যাবে, আশা করি এসব এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্য দিয়ে আবারো ভালো অবস্থান তৈরি হবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews