ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের সাথে এখনো বার্তা আদান-প্রদান চলছে। তবে আলোচনা শুরুর মতো পরিবেশ নেই। তেহরান বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপই কূটনীতির পথ নস্যাৎ করেছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু সোমবার (২৭ জুলাই) এ কথা জানিয়েছে।

অস্ট্রিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ওআরএফকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই বলেন, এই মুহূর্তে ইরানের প্রধান অগ্রাধিকার হলো দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জনগণকে রক্ষা করা। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নয়।

তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের সাথে ইরান বার্তা আদান-প্রদান করছে। কিন্তু এখন তেহরানের অগ্রাধিকার ইরানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জনগণকে রক্ষা করা।’

ইসমাইল বাকেইর অভিযোগ, যুক্তরাষ্ট্র বারবার সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনার পরিবেশ নষ্ট করেছে। তার ভাষ্য, ওয়াশিংটন আগের সমঝোতাও মানেনি। ইরানের ওপরর সাম্প্রতিক মার্কিন হামলাকে তিনি তেহরানের বিরুদ্ধে ‘অবৈধ যুদ্ধের’ ধারাবাহিকতা বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, এতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি না রাখার বিষয়টি স্পষ্ট হয়েছে।

হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ইরান পালন করেছে। তবে এই কৌশলগত নৌপথকে ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে হুমকির মঞ্চ হতে দেয়া যাবে না।

তিনি আরো উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করেছে।

২০১৫ সালের পরমাণু চুক্তির প্রসঙ্গ টেনে ইসমাইল বাকেই বলেন, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলোও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। তার দাবি, দায়িত্ব পালন না করায় ইউরোপের কাছে ইরানের বড় পাওনা রয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর জবাবে ইরান বাহরাইন, জর্দান ও কুয়েতসহ বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালায়।

এর আগে ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে হওয়া সমঝোতা স্মারক ‘শেষ’ বলে ঘোষণা করেন। তিনি অভিযোগ করেন, তেহরান সেই সমঝোতা লঙ্ঘন করেছে।

এর কিছু আগে হরমুজ প্রণালীতে তিনটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। একই সাথে ওই নৌপথে জাহাজ চলাচলের নিয়ম নিয়েও নতুন করে বিরোধ দেখা দেয়। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে বাধাহীন চলাচলের দাবি জানালেও ইরান বলছে, তাদের উপকূলঘেঁষা নির্ধারিত নৌপথ দিয়েই ইরানের তত্ত্বাবধানে জাহাজ চলাচল করতে হবে।

এদিকে সংবাদমাধ্যম অ্যাক্সিওস শনিবার জানিয়েছে, ট্রাম্প মার্কিন বাহিনীকে ইরানের বিরুদ্ধে নতুন হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন। এর ফলে টানা প্রায় দুই সপ্তাহের দৈনিক হামলার ইতি ঘটেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews