সময়ের আগেই বঙ্গভবন ছাড়তে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থেকে তাঁর এই বিদায় অনেকটাই রংহীন। সংবিধান অনুসারে, রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী রাষ্ট্রপতি। স্বাধীন বাংলাদেশ সাহাবুদ্দিনসহ ১৭ জন রাষ্ট্রপতি দেখেছে। এর মধ্যে দুজন রাষ্ট্রপতি থাকা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হন। বাকিদের কেউ কেউ দায়িত্ব পালন করেন স্বল্প সময়ের জন্য, ছিলেন অস্থায়ীও। মেয়াদ শেষের আগেই পদ ছাড়তে হয়েছে অধিকাংশকে।
বাংলাদেশে রাষ্ট্রপতির বিদায়ের জন্য সংবিধান বা আইনে বাধ্যতামূলক কোনো নির্দিষ্ট রাষ্ট্রীয় আচার বা অনুষ্ঠান নেই। তবে ২০২৩ সালে মো. আবদুল হামিদকে বঙ্গভবনে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়। তখন বঙ্গভবন থেকে বলা হয়েছিল, এই ধরনের বিদায় অনুষ্ঠান স্বাধীন বাংলাদেশে সেটাই প্রথম।