ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

আজ শনিবার দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে এই গণসংযোগ শুরু করেন তিনি।

গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান জাইমা রহমান। এ সময় তিনি পথচারী, রিকশাচালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা ও শপিং মলে আসা সাধারণ ভোটারদের হাতে ধানের শীষের নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে জাইমা রহমান গুলশান এলাকার বিভিন্ন জায়গায় বাবার জন্য ধানের শীষে ভোট চান এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

এ সময় ভোটারদের উদ্দেশ্যে জাইমা রহমান বলেন, ‘আমার বাবা তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই। ধানের শীষে ভোট দিয়ে আমার বাবাকে জয়যুক্ত করুন।’

গণসংযোগে তাকে পরিবেশবান্ধব বীজ বিতরণ করতে দেখা যায়। এসব বীজ মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে বলে জানান তিনি। নির্বাচনী বর্জ্য কমানো এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জাইমা রহমান।

এই গণসংযোগে জাইমা রহমানের সঙ্গে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা খাতুনকেও দেখা যায়। পাশাপাশি নিরাপত্তা সদস্যদের উপস্থিতি থাকলেও জাইমা রহমান সাধারণ মানুষের সঙ্গে মিশে ভোট চাইতে মাঠে নামেন।

গুলশান পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান-১ সার্কেল পর্যন্ত গণসংযোগ চলাকালে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা যায়। এসময় অনেকেই তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন, যা তিনি সানন্দে গ্রহণ করেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews