ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা শুরু হওয়ার দুই সপ্তাহ হলো। যুদ্ধের এই ডামাডোলে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বড় পরিবর্তনের আভাস মিলছে। যে নির্বাসিত নেতা রেজা পাহলভীকে দীর্ঘ সময় ধরে বর্তমান শাসকগোষ্ঠীর প্রধান বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছিল, সেই পাহাড়সম আস্থায় এখন বড় ফাটল ধরেছে। খোদ বিরোধী শিবিরের একটি বড় অংশই এখন তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।
সংশয় শুধু বর্তমান যুদ্ধের দুই সপ্তাহে তৈরি হয়েছে, তা নয়, বরং এর শিকড় আরও গভীরে। বিশ্লেষকদের মতে, পাহলভীর প্রতি বিমুখ হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল চলতি বছরের জানুয়ারির উত্তাল বিক্ষোভের সময় থেকেই। চরম দমন-পীড়নের আশঙ্কা থাকা সত্ত্বেও তিনি যখন মানুষকে রাস্তায় নামার আহ্বান জানান, তখনই তাঁর ‘দূরদর্শিতা’ নিয়ে প্রশ্ন উঠেছিল।
নিরাপত্তার খাতিরে ছদ্মনাম ‘দিনা’ ব্যবহার করে মিডিল ইস্ট আই-এর সঙ্গে কথা বলছেন তেহরানের ৩৯ বছর বয়সী এক নারী। একসময় দিনা বিশ্বাস করতেন, বিচ্ছিন্ন ইরানি জনতাকে ঐক্যবদ্ধ করতে পারবেন শাহ-পুত্র। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি তাঁর সেই ধারণা পাল্টে দিয়েছে।