অস্ট্রেলিয়া গতকাল বৃহস্পতিবার এমন একটি আইন পাস করেছে, যার ফলে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে বাণিজ্যিক চুক্তি না করলে বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে কোটি কোটি ডলার কর দিতে হবে। এসব কোম্পানির প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদমাধ্যমের খবর প্রকাশের বিনিময়ে তাদের এ অর্থ দিতে হবে।
‘নিউজ বার্গেইনিং ইনসেনটিভ’ নামের এ ব্যবস্থায় প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের বিজ্ঞাপন আয়ের ২ দশমিক ৫ শতাংশ কর হিসেবে দিতে হবে, যদি সংবাদমাধ্যমগুলোর সঙ্গে তারা চুক্তি না করে।
এ ব্যবস্থায় আদায় করা অর্থ অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে দেওয়া হবে। এসব সংবাদমাধ্যমের প্রকাশিত সংবাদ প্রযুক্তি কোম্পানিগুলোর প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ও বিজ্ঞাপন থেকে আয় বাড়াতে ভূমিকা রাখে।